যোনিপথে মাছের মতো গন্ধ? সাধারণত এটা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস

পাতলা, ধূসর-সাদা স্রাব, মাছের মতো গন্ধ, আর সহবাসের পর গন্ধটা বাড়ে। এটা সাধারণত ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। খুবই কমন, অপরিষ্কার থাকার জন্য হয় না, আর অ্যান্টিবায়োটিকে সেরে যায়।

লিখেছেন: (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)

Clue cells under a microscope

চেম্বারে অনেকে খুব লজ্জা নিয়ে বলেন, “আপা, একটা মাছের মতো গন্ধ, এত ধুই, তবু যায় না।” লজ্জার কিছু নেই। যোনিপথে নানা রকম ব্যাকটেরিয়া একটা ভারসাম্য নিয়ে থাকে। সেই ভারসাম্য নষ্ট হলে হয় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, সংক্ষেপে বিভি। বাচ্চা হওয়ার বয়সে অস্বাভাবিক স্রাবের সবচেয়ে বড় কারণ এটাই।

কী টের পাবেন?

  • পাতলা, পানির মতো, ধূসর বা সাদা স্রাব
  • মাছের মতো কড়া গন্ধ, সহবাসের পর বা মাসিকের সময় বেশি
  • সাধারণত চুলকানি বা জ্বালা থাকে না

আবার বিভি থাকা প্রায় অর্ধেক মেয়ে কিছুই টের পান না।

স্রাবের পাঁচ রকম: স্বাভাবিক, স্বচ্ছ বা সাদা, গন্ধ বা চুলকানি নেই। ছত্রাক: ঘন, দইয়ের মতো সাদা, চুলকায়। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস: পাতলা, ধূসর, মাছের মতো গন্ধ। যৌনবাহিত সংক্রমণ হতে পারে: হলুদ-সবুজ, ফেনা, দুর্গন্ধ। রক্তমেশা বা মেনোপজের পর: অবশ্যই দেখিয়ে নিন।
রং, ঘনত্ব আর গন্ধ দেখে মোটামুটি কারণ আন্দাজ করা যায়; নিশ্চিত হতে পরীক্ষা লাগে।

কেন হয়?

অপরিষ্কার থাকার জন্য কিন্তু হয় না। বরং উল্টো। যোনিপথের ভেতরে ধুলে, সুগন্ধি জিনিস বা ভেতর “পরিষ্কার” করার তরল ব্যবহার করলেই বিভি বেশি হয়। নতুন সঙ্গী, ধূমপান আর কপার-টিতেও সম্ভাবনা একটু বাড়ে।

চিকিৎসা

ডাক্তার অ্যান্টিবায়োটিক দেবেন, ট্যাবলেট বা যোনিপথে দেওয়ার জেল। গন্ধ চলে গেলেও পুরো কোর্স শেষ করবেন। কিছু ওষুধের সঙ্গে অ্যালকোহল চলে না, সেটা ডাক্তার বা ফার্মাসিস্ট বুঝিয়ে দেবেন। স্বামীর সাধারণত চিকিৎসা লাগে না।

হেলাফেলা করবেন না কেন?

  • প্রেগন্যান্সিতে বিভির সঙ্গে সময়ের আগে প্রসবব্যথার সম্পর্ক থাকতে পারে। তাই লক্ষণ দেখলে ডাক্তারকে জানাবেন।
  • বিভি থাকলে অন্য ইনফেকশনও সহজে ধরে।
  • কপার-টি পরানোর আগে বা এমআর-পরবর্তী চিকিৎসার আগে অনেক সময় বিভির চিকিৎসা আগে করে নেওয়া হয়।

বারবার হলে কী করবেন?

বিভি প্রায়ই ঘুরেফিরে আসে। তখন ডাক্তার একটু লম্বা কোর্স দিতে পারেন। আর আপনার নিজের হাতে সবচেয়ে কাজের যেটা আছে, তা হলো ভেতরে ধোয়া আর সুগন্ধি জিনিস ব্যবহার বন্ধ করা।

কখন ডাক্তার দেখাবেন?

মাছের মতো গন্ধ বা অস্বাভাবিক স্রাব থাকলে, বিশেষ করে প্রেগন্যান্সিতে, অথবা চিকিৎসার পর আবার ফিরে এলে, ডাক্তার দেখিয়ে নেবেন।

তথ্যসূত্র

সাদা স্রাব ও সংক্রমণ নিয়ে আরও লেখা