মুখে বাড়তি লোম আর ব্রণ: কেন হয়, আর চিকিৎসায় কী হয়

মুখে, বুকে বা পেটে ঘন কালো লোম, অনেক সময় সঙ্গে ব্রণ আর অনিয়মিত মাসিক, একে বলে হারসুটিজম। বেশিরভাগ সময় এর পেছনে থাকে পিসিওএস। আর কয়েক মাসের চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়।

লিখেছেন: (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)

A woman in profile with acne and chin hair

ঠোঁটের ওপর, থুতনিতে, বুকে বা তলপেটে কালো ঘন লোম। এটা নিয়ে অনেক মেয়েই মনে মনে খুব কষ্ট পান, কাউকে বলতেও পারেন না। চেম্বারে অনেকে ওড়না দিয়ে মুখ ঢেকে বলেন, “আপা, পার্লারে গিয়ে গিয়ে আর পারি না।” ডাক্তারি ভাষায় একে বলে হারসুটিজম। ভয় পাবেন না। এটা খুবই কমন, এতে আপনার কোনো দোষ নেই, আর এর চিকিৎসাও আছে।

কেন হয়?

  • পিসিওএস। সবচেয়ে বেশি এটাই। সাধারণত সঙ্গে অনিয়মিত মাসিক আর ব্রণ থাকে।
  • বংশগত। কিছু পরিবারে এমনিতেই লোম একটু বেশি।
  • ওষুধ। কিছু স্টেরয়েড আর হরমোনের ওষুধে হতে পারে।
  • খুব কম ক্ষেত্রে ডিম্বাশয় বা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বাড়তি হরমোন তৈরি হলে।

কখন দেরি না করে ডাক্তার দেখাবেন?

যদি হঠাৎ করে খুব দ্রুত লোম বাড়তে থাকে, গলার স্বর ভারী হয়ে যায়, বা শরীরে আরও কিছু হঠাৎ বদল আসে। এগুলো কিন্তু বিরল, তবে গুরুত্বপূর্ণ কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই তাড়াতাড়ি দেখিয়ে নেবেন।

কী কী টেস্ট লাগতে পারে

টেস্টোস্টেরনসহ কয়েকটা হরমোন, থাইরয়েড আর প্রোল্যাকটিন দেখা হয়। আর পিসিওএস মনে হলে ডিম্বাশয়ের আলট্রাসাউন্ড।

চিকিৎসা কী?

  • হরমোনের বড়ি নতুন লোম গজানো কমায়, ব্রণও ভালো করে। তবে লোম ধীরে বাড়ে। তাই তফাত বুঝতে ৬ মাস বা তার বেশি লাগে।
  • অ্যান্টি-অ্যান্ড্রোজেন ওষুধ ডাক্তার সঙ্গে যোগ করতে পারেন। কিন্তু প্রেগন্যান্ট হওয়ার সামান্য সম্ভাবনা থাকলেও এটা খাওয়া যাবে না।
  • ওজন কমানো, যদি ওজন বেশি থাকে। এতে পুরুষ হরমোন কমে।
  • লোম তোলা। থ্রেডিং, ওয়াক্সিং, শেভ, ক্রিম বা লেজার, যেটায় আপনার সুবিধা। অনেকে ভাবেন শেভ করলে লোম আরও ঘন হয়ে গজায়। এটা একেবারেই ভুল ধারণা।
  • ব্রণের জন্য ডাক্তার বা চর্মরোগ বিশেষজ্ঞ আপনার ত্বক বুঝে ক্রিম বা ট্যাবলেট দেবেন।

নিজের মনের যত্নও নেবেন

লোম আর ব্রণ আত্মবিশ্বাসে আঘাত করে, এটা খুব স্বাভাবিক। ডাক্তারের সঙ্গে খোলাখুলি কথা বলাটাই প্রথম ধাপ। আর চিকিৎসায় সময় লাগে। তাই কাজ হচ্ছে কি না, সেটা বিচার করার আগে কয়েক মাস একটু ধৈর্য ধরবেন।

তথ্যসূত্র

পিসিওএস ও হরমোন নিয়ে আরও লেখা