নবজাতকের জন্ডিস: কখন স্বাভাবিক, কখন বিপদ
জন্মের দুই-তিন দিন পর অনেক বাচ্চার চোখ আর গা হলুদ হয়ে আসে, আর বেশিরভাগ সময় নিজে নিজেই সেরে যায়। কিন্তু কিছু জন্ডিস বাচ্চার মস্তিষ্কের ক্ষতি করতে পারে। কীভাবে বুঝবেন, রোদে রাখা আর পানি খাওয়ানো কেন ভুল, আর আলোর চিকিৎসাটা আসলে কী।
লিখেছেন: Siratul Jannat (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)
চেম্বারে প্রায়ই মায়েরা বলেন, “আপা, বাবুর চোখটা কেমন হলুদ হলুদ লাগছে।” জন্মের দুই-তিন দিনের মাথায় অনেক বাচ্চার চোখের সাদা অংশ আর মুখ এমন হলুদ হয়ে আসে। এটা কিন্তু খুবই কমন। প্রতি দুই-তিনটা বাচ্চার একটায় দেখা যায়, আর সময়ের আগে জন্মানো বাচ্চায় আরও বেশি। বেশিরভাগ সময় এটা নরমাল, নিজে নিজেই সেরে যায়। তবে অল্প কিছু ক্ষেত্রে হলুদ খুব বেশি হয়ে গেলে বাচ্চার মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই খেয়াল রাখতে হবে।
জন্ডিসটা হয় কেন?
পেটে থাকার সময় বাচ্চার রক্তে লোহিত কণিকা বেশি থাকে। জন্মের পর এগুলো ভাঙতে থাকে। আর ভাঙলে তৈরি হয় হলুদ রঙের একটা জিনিস, নাম বিলিরুবিন। নবজাতকের লিভার প্রথম কয়েক দিন এত বিলিরুবিন সামলে উঠতে পারে না। তো সাধারণ জন্ডিস দেখা দেয় দুই-তিন দিনে, চার-পাঁচ দিনে সবচেয়ে বেশি হয়, আর দুই সপ্তাহের মধ্যে চলে যায়।
বাড়িতে কীভাবে বুঝবেন?
দিনের আলোয়, জানালার কাছে বাবুকে নিয়ে যান। কপাল বা বুকের চামড়া আঙুল দিয়ে একটু চেপে ছেড়ে দিন। চামড়া সাদা না হয়ে যদি হলুদ দেখায়, তাহলে জন্ডিস আছে। হলুদটা শুরু হয় মুখ থেকে, তারপর নামে বুকে, পেটে, পায়ে। যত নিচে নামে, সাধারণত জন্ডিস তত বেশি। চোখের সাদা অংশ আর মাড়িও দেখে নেবেন। বাবুর গায়ের রং কালো বা শ্যামলা হলে এটাই সবচেয়ে ভালো উপায়।
কখন দেরি না করে ডাক্তার দেখাবেন?
- জন্মের প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই হলুদ দেখা দিলে
- হলুদ পেট পেরিয়ে পা, হাতের তালু বা পায়ের পাতা পর্যন্ত চলে গেলে
- বাচ্চা খালি ঘুমায়, দুধ টানতে চায় না, বা নেতিয়ে পড়ে থাকে
- বাচ্চা অস্বাভাবিকভাবে কাঁদে, শরীর ধনুকের মতো বাঁকিয়ে ফেলে, বা খিঁচুনি হয়। এটা কিন্তু জরুরি, তখনই হাসপাতালে নেবেন।
- পায়খানা সাদা বা মাটির মতো ফ্যাকাশে, আর প্রস্রাব গাঢ় হলুদ
- জন্ডিস দুই সপ্তাহের বেশি থাকলে (সময়ের আগে জন্মানো বাচ্চায় তিন সপ্তাহের বেশি)
- বাচ্চা সময়ের আগে জন্মেছে, খুব ছোট, বা আগের সন্তানের জন্ডিসে চিকিৎসা লেগেছিল
- মা আরএইচ নেগেটিভ, অথবা মায়ের ব্লাড গ্রুপ ও আর বাচ্চার এ বা বি
টেস্ট আর চিকিৎসা
রক্তে বিলিরুবিন মাপা হয়। অনেক জায়গায় চামড়ায় একটা যন্ত্র ঠেকিয়েও মাপা যায়। তারপর বাচ্চার বয়স কত ঘণ্টা, সেটা হিসাব করে একটা চার্টে দেখা হয় চিকিৎসা লাগবে কি না।
- ফটোথেরাপি, মানে আলোর চিকিৎসা। বিশেষ একটা নীল আলোর নিচে বাবুকে রাখা হয়, চোখ ঢেকে, শুধু ডায়াপার পরিয়ে। আলোটা চামড়ার বিলিরুবিন ভেঙে দেয়, তারপর সেটা প্রস্রাব-পায়খানার সঙ্গে বেরিয়ে যায়। নিরাপদ, কোনো ব্যথা নেই। খাওয়ানোর জন্য মাঝে মাঝে বের করে নেওয়া যায়। সাধারণত এক-দুই দিন লাগে।
- রক্ত বদলানো (এক্সচেঞ্জ ট্রান্সফিউশন)। বিলিরুবিন খুব বেশি হলে, বা ফটোথেরাপিতে না কমলে এটা করা হয়, বড় হাসপাতালের নবজাতক বিভাগে।
যে ভুলগুলো করবেন না
- রোদে রেখে চিকিৎসা। মুরুব্বিরা অনেক সময় বলেন জন্ডিস হলে বাবুকে রোদে দিতে। আসলে রোদে বাচ্চার চামড়া পুড়ে যেতে পারে, বেশি গরমে শরীরে পানি কমে যেতে পারে। আর কতটা কাজ হচ্ছে, সেটাও বোঝা যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে চিকিৎসা হিসেবে বলে না। জন্ডিস সন্দেহ হলে মাপিয়ে নেবেন।
- বুকের দুধ বন্ধ করা। বরং উল্টোটা করবেন, ঘন ঘন খাওয়াবেন, দিনে অন্তত ৮ থেকে ১২ বার। দুধ বেশি খেলে পায়খানা বেশি হয়, আর পায়খানার সঙ্গেই বিলিরুবিন বের হয়ে যায়।
- পানি, মধু, গ্লুকোজ পানি বা মিছরির পানি খাওয়ানো। এতে জন্ডিস কমে না, উল্টো বুকের দুধ খাওয়া কমে যায়। ছয় মাসের আগে বুকের দুধ ছাড়া আর কিছুই না।
- মালা, ঝাড়ফুঁক বা কবিরাজি। এতে শুধু সময় নষ্ট হয়। আর সেই সময়ের মধ্যেই মস্তিষ্কের ক্ষতি হয়ে যেতে পারে।
বাড়ি ফেরার পর কী করবেন?
হাসপাতাল থেকে এক-দুই দিনে ছুটি দিলে দেখা যায়, জন্ডিসটা অনেক সময় বাড়ি গিয়ে বাড়ে। তাই জন্মের তিন থেকে পাঁচ দিনের মাথায় একবার বাবুকে স্বাস্থ্যকর্মী বা ডাক্তারকে দেখিয়ে নেবেন, বিশেষ করে প্রথম বাচ্চা হলে। আর প্রতিদিন দিনের আলোয় চামড়াটা দেখে নেবেন।