সহবাসে ব্যথা: কেন হয়, আর কী করলে কমে

সহবাসে ব্যথা খুব কমন একটা প্রবলেম, আর বেশিরভাগ সময়ই এর চিকিৎসা আছে। তবু অনেকে বছরের পর বছর চুপচাপ সহ্য করে যান। ব্যথাটা ঠিক কোথায় হয়, সেটাই ডাক্তারকে সবচেয়ে বড় সূত্র দেয়।

লিখেছেন: (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)

Two wedding rings apart, with a mark of pain between them

“আপা, এটা কি সবারই হয়?” সহবাসে ব্যথা নিয়ে চেম্বারে এসে অনেকে ঠিক এভাবেই জিজ্ঞেস করেন। অনেক সময় বছরের পর বছর সহ্য করার পর। উত্তরটা হলো, না। সহবাসে নিয়মিত ব্যথা হওয়ার কথা না, আর বেশিরভাগ কারণেরই চিকিৎসা আছে। তাই লজ্জা না করে ডাক্তারকে খুলে বলবেন। আমরা এমন কথা প্রতিদিনই শুনি।

প্রথমে ডাক্তার জানতে চাইবেন, ব্যথাটা কোথায় হয়। শুরুতেই, যোনিমুখে? নাকি ভেতরে, গভীরে? কারণ দুটোর কারণ আলাদা।

শুরুতে, যোনিমুখে ব্যথা হলে

  • শুষ্কতা। শরীর তৈরি হওয়ার আগেই শুরু করলে যোনিপথ শুকনো থাকে। বুকের দুধ খাওয়ানোর সময়, মেনোপজের পর, বা কিছু ওষুধেও এমন হয়।
  • ইনফেকশন। ছত্রাকের ইনফেকশনে চুলকানি আর জ্বালা হয়। যৌনবাহিত কিছু ইনফেকশনে ঘা হয়।
  • ভ্যাজাইনিসমাস। ভয় বা আগের কোনো খারাপ অভিজ্ঞতা থেকে যোনিপথের চারপাশের মাংসপেশি নিজে থেকেই শক্ত হয়ে যায়। ইচ্ছা করে কেউ এটা করেন না। এটা কিন্তু আপনার দোষ না।
  • ডেলিভারির সেলাই। নরমাল ডেলিভারির পর সেলাইয়ের জায়গা পুরোপুরি শুকাতে কয়েক সপ্তাহ লাগে।
  • চামড়ার রোগ। বেশি বয়সে যোনিমুখের চামড়া সাদা আর পাতলা হয়ে ফেটে যেতে পারে (লাইকেন স্ক্লেরোসাস)।

ভেতরে, গভীরে ব্যথা হলে

  • এন্ডোমেট্রিওসিস। সঙ্গে মাসিকে প্রচণ্ড ব্যথা থাকলে এটার কথা বিশেষ করে ভাবতে হয়।
  • জরায়ু বা টিউবের ইনফেকশন (পিআইডি)। সঙ্গে তলপেটে ব্যথা, দুর্গন্ধওয়ালা স্রাব বা জ্বর থাকতে পারে।
  • ডিম্বাশয়ের সিস্ট বা ফাইব্রয়েড।
  • কোষ্ঠকাঠিন্য বা মূত্রথলির প্রবলেম।

নিজে কী করতে পারেন?

তাড়াহুড়া করবেন না। আগে একটু সময় নিন, যাতে শরীর তৈরি হয়। ফার্মেসি থেকে পানিভিত্তিক লুব্রিকেন্ট কিনে নিতে পারেন। অনেকে নারকেল তেল বা ভেসলিন লাগান। কিন্তু কনডম ব্যবহার করলে এগুলো দেবেন না, কারণ এমন তেলতেলে জিনিস কনডম ফাটিয়ে দিতে পারে। গভীরে ব্যথা হলে অবস্থান বদলে দেখবেন। যোনিপথের ভেতরে সাবান বা ডুশ দেবেন না, এতে শুষ্কতা আর ইনফেকশন দুটোই বাড়ে। আর ব্যথা হলে থামতে বলবেন। ব্যথা সহ্য করে চালিয়ে গেলে ভয় আর মাংসপেশির টান, দুটোই আরও বাড়ে।

ডেলিভারির পর আর মেনোপজের পর

ডেলিভারির পর কবে থেকে আবার সহবাস করা যায়? রক্ত যাওয়া থামলে আর নিজে তৈরি মনে করলে, সাধারণত ৬ সপ্তাহ পর। বুকের দুধ খাওয়ানোর সময় হরমোনের কারণে যোনিপথ শুকনো থাকে, তাই তখন লুব্রিকেন্ট বেশ কাজে আসে। আর মেনোপজের পর শুষ্কতা হলে ডাক্তার যোনিপথে লাগানোর হরমোন ক্রিম দিতে পারেন। এটা খুবই কার্যকর, আর নিরাপদ।

ডাক্তার কী করবেন?

কখন আর কোথায় ব্যথা হয়, জিজ্ঞেস করবেন। দরকার হলে পরীক্ষা করে দেখবেন, হয়তো স্রাবের টেস্ট বা আলট্রাসাউন্ড করতে দেবেন। ভ্যাজাইনিসমাস হলে কাউন্সেলিং, ধীরে ধীরে করার কিছু ব্যায়াম আর ফিজিওথেরাপি ভালো কাজ করে। চাইলে স্বামীকেও সঙ্গে নিয়ে আসতে পারেন।

কখন ডাক্তার দেখাবেন?

  • বারবার সহবাসে ব্যথা হয়
  • ভেতরে গভীরে ব্যথা, বিশেষ করে মাসিকে প্রচণ্ড ব্যথার সঙ্গে
  • সহবাসের পর রক্ত যায়
  • অস্বাভাবিক স্রাব, চুলকানি বা ঘা

কখন আজই দেখাবেন?

তলপেটে ব্যথার সঙ্গে যদি জ্বর বা দুর্গন্ধওয়ালা স্রাব থাকে। এটা পিআইডি হতে পারে। আর দেরিতে চিকিৎসা হলে টিউব নষ্ট হয়ে পরে বাচ্চা আসতে সমস্যা হতে পারে। তাই এমন হলে দেরি করবেন না, সেদিনই ডাক্তার দেখাবেন।

তথ্যসূত্র

সহবাস ও দাম্পত্য নিয়ে আরও লেখা