বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে? কারণ, পরীক্ষা, আর পরেরবারের জন্য সত্যিকারের আশা
পরপর দুই-তিনবার গর্ভপাত হলে বুকটা ভেঙে যায়, কিন্তু আশা কিন্তু ফুরিয়ে যায় না। টেস্ট করলে অনেকের এমন কারণ পাওয়া যায়, যার চিকিৎসা আছে। আর কিছু না পাওয়া গেলেও বেশিরভাগ মেয়েই পরে সুস্থ বাচ্চার মা হন।
লিখেছেন: Siratul Jannat (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)
একবার গর্ভপাত হওয়া খুবই কমন। বেশিরভাগ সময় এটা নিছক দুর্ভাগ্য। পরপর দুই বা তিনবার হলে আমরা বলি রিকারেন্ট মিসক্যারেজ। এর কষ্ট বলে বোঝানো যায় না। চেম্বারে প্রায়ই মায়েরা জিজ্ঞেস করেন, “আপা, আমি কি কিছু ভুল করেছিলাম?” না, আপনার কোনো কাজের জন্য এটা হয়নি। আর আশা রাখার সত্যিকারের কারণ আছে।
কী কী কারণ থাকতে পারে?
- গর্ভের ক্রোমোজোমের সমস্যা। কখনো এর সঙ্গে মা বা বাবার ক্রোমোজোমের এমন একটা পরিবর্তনের যোগ থাকে, যেটা তাঁদের নিজেদের কোনো ক্ষতি করে না।
- অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা সমস্যা, এতে গর্ভফুলে রক্ত জমাট বেঁধে যায়। এর কিন্তু চিকিৎসা আছে।
- জরায়ুর আকৃতির সমস্যা, যেমন ভেতরে একটা পর্দা (সেপটাম), বা জরায়ুর ভেতরের ফাঁকা জায়গায় ফাইব্রয়েড।
- দুর্বল জরায়ুমুখ। এতে সাধারণত একটু দেরিতে, মাঝের তিন মাসে গর্ভপাত হয়।
- থাইরয়েডের সমস্যা, আর কন্ট্রোলে নেই এমন ডায়াবেটিস
- মায়ের বয়স, আর কিছুটা বাবারও
- ধূমপান, বেশি ওজন
আর একটা ভুল ধারণা ভাঙা দরকার। দুশ্চিন্তা, কাজকর্ম, ভারী কিছু তোলা, যাতায়াত, সহবাস বা কোনো খাবারের কারণে গর্ভপাত হয় না।
সাধারণত কোন টেস্টগুলো দেওয়া হয়?
- অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির রক্ত পরীক্ষা, কয়েক সপ্তাহ পরপর দুবার
- থাইরয়েড আর রক্তের সুগার
- জরায়ুর আকৃতি দেখতে আলট্রাসাউন্ড (প্রায়ই থ্রিডি বা টিভিএস)
- গর্ভের টিস্যুর ক্রোমোজোম পরীক্ষা, কখনো মা-বাবা দুজনেরও
চিকিৎসা কী?
কারণ যা পাওয়া যায়, চিকিৎসা সেই মতো। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থাকলে রক্ত পাতলা করার ইনজেকশন আর কম ডোজের অ্যাসপিরিন। সেপটাম থাকলে অপারেশন। থাইরয়েড থাকলে তার চিকিৎসা। আর জরায়ুমুখ দুর্বল হলে সেখানে সেলাই। পরের প্রেগন্যান্সিতে রক্ত গেলে ডাক্তার প্রোজেস্টেরনও দিতে পারেন।
আর যদি কোনো কারণই না পাওয়া যায়?
প্রায় অর্ধেক দম্পতির ক্ষেত্রে আসলে কোনো কারণ পাওয়া যায় না। ভয় পাবেন না। পাশে থেকে যত্ন, শুরুতেই স্ক্যান আর মনে ভরসা, এই নিয়ে বেশিরভাগ মা-ই পরেরবার সুস্থ বাচ্চা কোলে পান।
পরেরবার প্রেগন্যান্ট হলে কী করবেন?
- টেস্ট পজিটিভ হলেই দেরি না করে ডাক্তার দেখাবেন।
- শুরুতেই একটা স্ক্যান করে দিতে বলবেন, যাতে দেখা যায় গর্ভ জরায়ুর ভেতরে আছে আর ঠিকমতো বাড়ছে।
- ফলিক অ্যাসিড চালিয়ে যান, ধূমপান থেকে দূরে থাকুন, আর চিকিৎসার প্ল্যান মেনে চলুন।
- মনের দিক থেকেও সাহায্য নেবেন। এই সময় দুশ্চিন্তা হওয়া কিন্তু একদম স্বাভাবিক।