গোপনাঙ্গে চুলকানি: সাধারণ কারণগুলো, আর কী করবেন

যোনিপথের আশেপাশে চুলকানির পেছনে সাধারণত থাকে ছত্রাক, ঘামাচি, সাবান বা কোনো চর্মরোগ। বারবার চুলকানি হলে সেটা কিন্তু ডায়াবেটিসের প্রথম ইঙ্গিতও হতে পারে। ভয় পাবেন না, বেশিরভাগেরই চিকিৎসা সহজ।

লিখেছেন: (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)

Yeast and bacteria under a microscope, two common causes of itching

গোপনাঙ্গে চুলকানি যেমন অস্বস্তির, তেমনি লজ্জারও। তাই অনেকে মাসের পর মাস কাউকে বলেন না। চেম্বারে এসেও অনেক সময় নিচু গলায় বলেন, “আপা, নিচে খুব চুলকায়।” অথচ এটা খুবই কমন। আর কারণটা ধরতে পারলে সাধারণত সহজেই সেরে যায়।

কেন চুলকায়?

  • ছত্রাক (থ্রাশ)। চুলকানির সঙ্গে ঘন সাদা স্রাব থাকে।
  • গরম আর ঘামাচি। গরমকালে খুব হয়, বিশেষ করে আঁটসাঁট বা সিনথেটিক কাপড় পরলে।
  • বিভিন্ন জিনিসে জ্বালা, যেমন সুগন্ধি সাবান, জীবাণুনাশক তরল, নতুন ডিটারজেন্ট, সুগন্ধি প্যাড।
  • চামড়ার ছত্রাক (দাদ)। কুঁচকিতে চুলকানিওয়ালা লাল, গোল দাগ হয়, আর দাগটা ছড়াতে থাকে।
  • ডায়াবেটিস। সুগার বেশি থাকলে ছত্রাক আর চুলকানি বারবার ফিরে আসে।
  • শুষ্কতা, মেনোপজের পর, বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময়।
  • চর্মরোগ, যেমন একজিমা বা লাইকেন স্ক্লেরোসাস। লাইকেন স্ক্লেরোসাসে চামড়া সাদা আর পাতলা হয়ে যায়, চুলকায়।
  • সংক্রমণ, যেমন ট্রাইকোমোনিয়াসিস বা খোসপাঁচড়া।
  • কৃমি, বিশেষ করে বাচ্চাদের। এতে রাতে চুলকানি বাড়ে।
স্রাবের পাঁচ রকম: স্বাভাবিক, স্বচ্ছ বা সাদা, গন্ধ বা চুলকানি নেই। ছত্রাক: ঘন, দইয়ের মতো সাদা, চুলকায়। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস: পাতলা, ধূসর, মাছের মতো গন্ধ। যৌনবাহিত সংক্রমণ হতে পারে: হলুদ-সবুজ, ফেনা, দুর্গন্ধ। রক্তমেশা বা মেনোপজের পর: অবশ্যই দেখিয়ে নিন।
রং, ঘনত্ব আর গন্ধ দেখে মোটামুটি কারণ আন্দাজ করা যায়; নিশ্চিত হতে পরীক্ষা লাগে।

কী করলে আরাম পাবেন?

  • শুধু পানি দিয়ে ধোবেন, তারপর আলতো চেপে মুছে শুকনো রাখবেন।
  • ঢিলেঢালা সুতির অন্তর্বাস পরুন। পারলে ঘুমানোর সময় না পরেই থাকুন।
  • সুগন্ধি যেকোনো জিনিস ব্যবহার বন্ধ করুন।
  • যতটা পারেন চুলকাবেন না। চুলকালে চামড়া ছিলে যায়, আর চুলকানি আরও বাড়ে।

অনেকে দোকান থেকে প্রেসক্রিপশন ছাড়াই স্টেরয়েড ক্রিম কিনে লাগান। এটা নিয়ে কিন্তু সাবধান থাকবেন। ছত্রাকের ওপর কড়া স্টেরয়েড লাগালে দাগ ছড়িয়ে যায়, পরে চিকিৎসা করা অনেক কঠিন হয়ে পড়ে।

কখন ডাক্তার দেখাবেন?

  • এক সপ্তাহেও চুলকানি না কমলে
  • ঘা, ফোসকা, গোটা বা চামড়ায় সাদা দাগ দেখা দিলে
  • অস্বাভাবিক স্রাব বা রক্ত গেলে
  • আপনি গর্ভবতী হলে
  • বারবার ফিরে এলে। তখন একবার রক্তে শর্করা, মানে সুগার, মাপিয়ে নেবেন।

তথ্যসূত্র

সাদা স্রাব ও সংক্রমণ নিয়ে আরও লেখা