জন্মনিয়ন্ত্রণ বড়ি: কীভাবে খাবেন, বাদ পড়লে কী করবেন, আর পার্শ্বপ্রতিক্রিয়া
রোজ একই সময়ে খেলে বড়ি খুবই কার্যকর। একটা বাদ পড়লে মনে পড়ামাত্র খেয়ে নেবেন। আর শুরুর দিকের হালকা সমস্যাগুলো সাধারণত ৩ মাসের মধ্যেই চলে যায়।
লিখেছেন: Siratul Jannat (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)
আমাদের দেশে জন্মনিয়ন্ত্রণের বড়ি সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিগুলোর একটা। ঠিকমতো খেলে খুবই কার্যকর। আর শুধু গর্ভ ঠেকানো না, এর আরও উপকার আছে। যেমন মাসিক কম হয়, ব্যথাও কমে।
বড়ি দুই রকম
- কম্বাইন্ড বড়ি (ইস্ট্রোজেন আর প্রোজেস্টোজেন)। এটাই সবচেয়ে বেশি চলে। সাধারণত ২১টা আসল বড়ি থাকে, সঙ্গে অনেক সময় ৭টা আয়রন বা খালি বড়ি।
- শুধু প্রোজেস্টোজেনের বড়ি। বুকের দুধ খাওয়ানোর সময় এটা দেওয়া হয়, আর ইস্ট্রোজেন খাওয়ায় বাধা থাকলেও। তবে এটা কিন্তু প্রতিদিন ঠিক একই সময়ে খেতে হয়।
শুরু করবেন কীভাবে?
মাসিকের প্রথম দিন থেকে শুরু করলে সেদিন থেকেই আপনি সুরক্ষিত। অন্য কোনো দিন শুরু করলে প্রথম ৭ দিন কনডমও ব্যবহার করবেন। আর ভুলে যাওয়া ঠেকাতে ফোনে অ্যালার্ম দিয়ে রাখুন, বা রোজকার কোনো কাজের সঙ্গে জুড়ে নিন। ধরুন, রাতের খাবারের পর।
বড়ি বাদ পড়ে গেলে কী করবেন? (কম্বাইন্ড বড়ি)
চেম্বারে এই প্রশ্নটা খুব শুনি, “আপা, কাল রাতে খেতে ভুলে গেছি, এখন কী হবে?”
- একটা বাদ পড়লে মনে পড়ামাত্র খেয়ে নিন, তাতে এক দিনে দুটো খেতে হলেও খাবেন। তারপর আগের মতোই চালিয়ে যান। চিন্তার কিছু নেই, আপনি এখনো সুরক্ষিত।
- দুটো বা তার বেশি বাদ পড়লে সবশেষে যেটা বাদ পড়েছে, সেটা এখনই খান। তারপর আগের মতো চালিয়ে যান, আর ৭ দিন কনডম ব্যবহার করুন। গত কয়েক দিনে সহবাস হয়ে থাকলে জরুরি জন্মনিয়ন্ত্রণের কথা ফার্মাসিস্ট বা ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন।
আরেকটা কথা। বড়ি খাওয়ার ৩ ঘণ্টার মধ্যে বমি হলে, বা খুব পাতলা পায়খানা হলে, সেটাকেও বড়ি বাদ পড়া ধরবেন।
সাইড এফেক্ট কী হতে পারে?
প্রথম তিন মাস বমি বমি ভাব, স্তনে ব্যথা, মাথাব্যথা আর মাঝে মাঝে রক্তের দাগ, এগুলো খুবই কমন। সাধারণত নিজে থেকেই চলে যায়। রাতে খাবারের পর খেলে বমি ভাব কম হয়। আর যদি না যায়, তাহলে অন্য কোনো বড়ি হয়তো আপনার জন্য বেশি মানানসই হবে।
কম্বাইন্ড বড়ি কারা খাবেন না?
- বয়স ৩৫ বছরের বেশি, আর ধূমপান করেন
- প্রেশার বেশি, আর নিয়ন্ত্রণে নেই
- অরাসহ মাইগ্রেন, মানে মাথাব্যথার আগে চোখে আলোর ঝলকানি দেখেন
- আগে রক্ত জমাট বেঁধেছে, স্ট্রোক বা হৃদ্রোগ হয়েছে
- ডেলিভারির পর প্রথম ৬ সপ্তাহ, বা প্রথম কয়েক মাস বুকের দুধ খাওয়ানোর সময়
কখন বড়ি বন্ধ করে তখনই ডাক্তার দেখাবেন?
এক পায়ে ব্যথা আর ফোলা, বুকে ব্যথা, হঠাৎ শ্বাসকষ্ট, তীব্র মাথাব্যথা, বা শরীরের এক পাশ দুর্বল হয়ে গেলে আর দেরি করবেন না। বড়ি বন্ধ করে তখনই চিকিৎসা নেবেন।
ভুল ধারণা
অনেকে ভাবেন, বড়ি খেলে পরে আর বাচ্চা হয় না, জরায়ুর ক্যান্সার হয়, বা মানুষ চিরকালের জন্য মোটা হয়ে যায়। আসলে এর কোনোটাই হয় না। বড়ি বন্ধ করলে তাড়াতাড়িই আবার বাচ্চা নেওয়ার ক্ষমতা ফিরে আসে।