কপার-টি আর ইমপ্ল্যান্ট: লম্বা সময়ের জন্মনিয়ন্ত্রণ, সহজ কথায়

কপার-টি আর ইমপ্ল্যান্ট ৯৯ শতাংশের বেশি কাজ করে, বছরের পর বছর চলে, আর যখন চাইবেন খুলে ফেলা যায়। খোলার পর তাড়াতাড়িই আবার বাচ্চা নেওয়া যায়। মূল সাইড এফেক্ট বলতে মাসিকের ধরন একটু বদলে যাওয়া।

লিখেছেন: (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)

A Copper-T and an implant under the skin of the arm

যাঁরা স্থায়ী পদ্ধতি চান না, তাঁদের জন্য লম্বা সময়ের এই দুটো পদ্ধতিই সবচেয়ে কার্যকর। একবার পরিয়ে নিলে আর রোজ রোজ বা মাসে মাসে কিছু মনে রাখার ঝামেলা নেই। আর দুটোই সরকারি পরিবার কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়।

সাধারণ ব্যবহারে এক বছরে ১০০ জন নারীর মধ্যে কতজন গর্ভবতী হন: ইমপ্লান্ট ০.১, ভ্যাসেকটমি ০.১৫, লাইগেশন ০.৫, কপার-টি ০.৮, ইনজেকশন ৪, খাওয়ার বড়ি ৭, কনডম ১৩। কোনো পদ্ধতি না নিলে প্রায় ৮৫ জন।
সাধারণ ব্যবহারে প্রথম বছরের হিসাব। সূত্র: Williams Obstetrics, ২৬তম সংস্করণ (Trussell, ২০১৮)।

কপার-টি (আইইউডি)

  • ইংরেজি T অক্ষরের মতো দেখতে ছোট একটা জিনিস। প্রশিক্ষিত কেউ কয়েক মিনিটেই জরায়ুর ভেতরে বসিয়ে দেন।
  • ধরন অনুযায়ী ১০ বছর পর্যন্ত কাজ করে।
  • কোনো হরমোন নেই, তাই বুকের দুধ খাওয়ানোর সময়ও চলে।
  • ডেলিভারির পরপরই, ছয় সপ্তাহের চেকআপে, বা যেকোনো সময় পরানো যায়, যদি নিশ্চিত হওয়া যায় যে আপনি গর্ভবতী নন।
  • সুরক্ষা ছাড়া সহবাসের ৫ দিনের মধ্যে পরালে জরুরি জন্মনিয়ন্ত্রণ হিসেবেও কাজ করে।

সাইড এফেক্ট কী? মাসিক একটু বেশি হতে পারে, বেশিদিন চলতে পারে বা ব্যথা হতে পারে, বিশেষ করে প্রথম ৩ থেকে ৬ মাস। পরানোর পর কিছুদিন তলপেটে মোচড়ানো ব্যথা হওয়াও কমন।

ইমপ্ল্যান্ট

  • দেশলাইয়ের কাঠির মতো সরু, নরম একটা কাঠি। বাহুর ভেতরের দিকে জায়গাটা অবশ করে চামড়ার নিচে বসিয়ে দেওয়া হয়।
  • ধরন অনুযায়ী ৩ থেকে ৫ বছর কাজ করে।
  • বুকের দুধ খাওয়ানোর সময়ও চলে।

সাইড এফেক্ট বলতে, অনিয়মিত রক্ত যাওয়াটা খুবই কমন। মাসিক কমে যেতে পারে, ঘন ঘন হতে পারে, আবার বন্ধও থাকতে পারে। কারও কারও মাথাব্যথা বা ব্রণ হয়।

কপার-টি ঠিক জায়গায় আছে কি না, বুঝবেন কীভাবে?

পরানোর পর প্রথম মাসিকের পরে সাধারণত একবার চেক করা হয়। চাইলে প্রতি মাসিকের পর নিজেও যোনিপথের ভেতরে আঙুল দিয়ে দেখে নিতে পারেন, সুতাটা আছে কি না। সুতা খুঁজে না পেলে, বা শক্ত অংশটা আঙুলে লাগলে স্বাস্থ্যকর্মীকে দেখিয়ে নেবেন।

যেসব কথা শোনা যায়, কিন্তু ভুল

  • “কপার-টি হাঁটতে হাঁটতে বুকে বা পেটে চলে যায়।” চেম্বারে এই প্রশ্ন প্রায়ই শুনি। আসলে যায় না। কখনো কখনো তলপেটের ভেতরে একটু সরে যেতে পারে বা বেরিয়ে আসতে পারে। এজন্যই আমরা চেক করাতে বলি।
  • “স্বামী টের পাবেন।” সাধারণত পান না। পেলে সুতাটা ছোট করে দেওয়া যায়।
  • “এতে বাচ্চা না হওয়ার সমস্যা বা ক্যান্সার হয়।” না, এটাও একটা ভুল ধারণা। খুলে ফেলার পর তাড়াতাড়িই আবার বাচ্চা নেওয়া যায়।

কখন ডাক্তার দেখাবেন?

  • তলপেটে তীব্র ব্যথা, জ্বর, বা দুর্গন্ধওয়ালা স্রাব হলে
  • মাসিক বন্ধ হয়ে গেলে, বা প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এলে
  • খুব বেশি রক্ত গেলে
  • ইমপ্ল্যান্টের জায়গায় ব্যথা বা এমন কোনো পরিবর্তন হলে, যা কমছে না

এমন হলে দেরি করবেন না, দেখিয়ে নেবেন।

তথ্যসূত্র

জন্মনিয়ন্ত্রণ নিয়ে আরও লেখা