দুই মাসিকের মাঝে রক্ত: সাধারণত কেন হয়, আর কখন দেখানো দরকার

দুই মাসিকের মাঝে অল্প একটু রক্তের দাগ প্রায়ই ক্ষতিকর কিছু না, বিশেষ করে নতুন জন্মনিয়ন্ত্রণ শুরু করলে। কিন্তু সহবাসের পর রক্ত গেলে, বা বারবার এমন হলে অবশ্যই দেখিয়ে নেবেন।

লিখেছেন: (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)

A stethoscope on a table

নরমাল মাসিকের বাইরে মাসিকের রাস্তা দিয়ে যেকোনো রক্ত গেলেই আমরা বলি দুই মাসিকের মাঝের রক্তপাত। সেটা অন্তর্বাসে কয়েক ফোঁটা বাদামি দাগ হতে পারে, আবার টাটকা লাল রক্তও হতে পারে। চেম্বারে প্রায়ই শুনি, “আপা, মাসিক তো শেষ, আবার একটু দাগ দেখলাম।” এমন হওয়াটা বেশ কমন, আর বেশিরভাগ সময় গুরুতর কিছু না। কিন্তু বারবার হতে থাকলে “ও কিছু না” বলে ফেলে রাখবেন না।

কোন কারণগুলো সাধারণত চিন্তার না?

  • নতুন করে বড়ি, ইনজেকশন, ইমপ্ল্যান্ট বা হরমোনওয়ালা কয়েল শুরু করলে। প্রথম ৩ মাস একটু-আধটু রক্তের দাগ নরমাল।
  • জন্মনিয়ন্ত্রণ বড়ি খেতে ভুলে গেলে
  • মাসের মাঝামাঝি ডিম্বাণু বের হওয়ার সময় হালকা রক্ত
  • প্রেগন্যান্সির একেবারে শুরুতে, মাসিকের তারিখের আশেপাশে অল্প রক্ত
  • দুশ্চিন্তা আর হরমোনের বড় ওঠানামা, বিশেষ করে কিশোর বয়সে আর মেনোপজের আগে

কোন কারণগুলোতে চিকিৎসা লাগে?

  • জরায়ুমুখে ইনফেকশন, যৌনবাহিত ইনফেকশনসহ
  • জরায়ুমুখে বা জরায়ুর ভেতরে পলিপ, মানে ছোট নরম মাংসপিণ্ড
  • জরায়ুমুখের এমন পরিবর্তন, যেটা ভায়া বা প্যাপ টেস্টে আগেভাগেই ধরা যায়
  • প্রেগন্যান্সির সমস্যা, যেমন গর্ভপাত বা জরায়ুর বাইরে গর্ভ

কখন ডাক্তার দেখাবেন?

  • সহবাসের পর রক্ত গেলে
  • ২-৩ মাসের বেশি সময় ধরে মাঝে মাঝে রক্ত যাচ্ছে
  • সঙ্গে ব্যথা, জ্বর বা দুর্গন্ধওয়ালা স্রাব আছে
  • প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা আছে
  • মেনোপজের পর (টানা ১২ মাস মাসিক বন্ধ থাকার পর) সামান্য রক্তও গেলে

কখন দেরি না করে হাসপাতালে যাবেন?

প্রেগন্যান্সিতে ব্যথার সঙ্গে রক্ত যাচ্ছে, অথবা রক্ত বেশি যাচ্ছে আর মাথা ঘোরাচ্ছে বা অজ্ঞান অজ্ঞান লাগছে, এমন হলে একটুও দেরি করবেন না।

ডাক্তার কী কী দেখবেন?

ডাক্তার জানতে চাইবেন কোন জন্মনিয়ন্ত্রণ নিচ্ছেন, মাসিক কেমন হয়। দরকার হলে প্রেগন্যান্সি টেস্ট করবেন। আর সাধারণত স্পেকুলাম দিয়ে জরায়ুমুখটা দেখবেন। ভায়া বা প্যাপ টেস্ট, ইনফেকশনের সোয়াব, বা আলট্রাসাউন্ড দিতে পারেন। লজ্জা পাবেন না। আমরা তো প্রতিদিনই এটা দেখি। আর আগেভাগে দেখালে ছোট সমস্যা ছোটই থাকে।

তথ্যসূত্র

মাসিক নিয়ে আরও লেখা