মাসিক ও মাসিকের ব্যথা
সাধারণত ২১ থেকে ৩৫ দিন পরপর মাসিক হয়, থাকে ২ থেকে ৭ দিন। সবার শরীর এক রকম নয়; দুশ্চিন্তা, ওজন কমা-বাড়া, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো বা বয়সের সঙ্গে হিসাব বদলাতে পারে। নিজের স্বাভাবিক ধরনটা জানা থাকলে কিছু বদলালে সহজেই টের পাবেন।
এখনই হাসপাতালে যান যদি
- অনেক রক্ত যাচ্ছে, সঙ্গে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া বা বুক ধড়ফড়।
- তলপেটে হঠাৎ প্রচণ্ড ব্যথা, বিশেষ করে এক পাশে।
- গর্ভ আসার সম্ভাবনা আছে, আর রক্ত যাচ্ছে বা ব্যথা হচ্ছে।
এগুলো সাধারণত স্বাভাবিক
- প্রথম এক-দুই দিন তলপেটে হালকা থেকে মাঝারি ব্যথা।
- মাসে মাসে কয়েক দিন আগে-পিছে হওয়া।
- মাসিক শুরুর প্রথম দুই বছর, আর মেনোপজের আগের বছরগুলোতে অনিয়মিত হওয়া।
- বেশি রক্ত যাওয়ার দিনগুলোতে ছোট ছোট কালচে চাকা।
যা করলে আরাম পাবেন
- তলপেটে বা কোমরে গরম পানির ব্যাগ, বা গরম সেঁক।
- প্যারাসিটামলের মতো সাধারণ ব্যথার ওষুধ। মাসিকের ব্যথায় প্রদাহ কমানোর ব্যথার ওষুধ অনেক সময় বেশি কাজ করে—তবে পেটে আলসার, হাঁপানি বা কিডনির সমস্যা থাকলে আগে ফার্মাসিস্ট বা ডাক্তারকে জিজ্ঞেস করে নিন।
- একটু হাঁটাচলা, যথেষ্ট পানি, আর সময়মতো খাওয়া।
- প্রতিবার মাসিক শুরুর তারিখটা লিখে রাখুন, তাহলে কত দিন পরপর হচ্ছে বোঝা যাবে।
ডাক্তার দেখান যদি
- ১-২ ঘণ্টায় একটা প্যাড ভিজে যায়, বা ৭ দিনের বেশি রক্ত যায়।
- ব্যথার জন্য কাজে, স্কুলে-কলেজে যেতে বা ঘরের কাজ করতে পারেন না।
- দুই মাসিকের মাঝে, বা সহবাসের পর রক্ত যায়।
- ৩ মাস বা তার বেশি মাসিক বন্ধ, অথচ আপনি গর্ভবতী নন।
- খুব ক্লান্ত লাগে, হাঁপিয়ে যান বা মাথা ঘোরে—রক্তস্বল্পতার লক্ষণ হতে পারে।
অনেকে যা জানতে চান
মাসিক অনিয়মিত হলে কি ক্ষতি হয়?
সবসময় না। দুশ্চিন্তা, অসুখ, দূরে কোথাও যাওয়া, ওজন কমা-বাড়া আর বুকের দুধ খাওয়ানোর সময় হিসাব প্রায়ই এলোমেলো হয়। তবে প্রায়ই ৩৫ দিনের বেশি পরপর হলে, বা ৩ মাস বন্ধ থাকলে ডাক্তারকে জিজ্ঞেস করুন—পিসিওএস বা থাইরয়েডের সমস্যা খুবই সাধারণ, আর ভালোভাবে সারে।
মাসিকের সময় কি গোসল করা বা চুল ধোয়া যায়?
হ্যাঁ, অবশ্যই। মাসিকের সময় গোসল করা, চুল ধোয়া একদম নিরাপদ, বরং আরাম লাগে। ৪ থেকে ৬ ঘণ্টা পরপর প্যাড বদলান, রক্ত বেশি গেলে আরও ঘন ঘন।
ডাক্তারকে গোপনে প্রশ্ন করুন · কোন ডাক্তার দেখাবেন?
কাজে লাগবে
- পরের মাসিক কবে? — পরের তিনটা মাসিকের তারিখ, ডিম্বাণু বের হওয়ার দিন আর গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকার দিনগুলো।
- আমার মাসিক কি স্বাভাবিক? — কয়েকটা সহজ প্রশ্নের উত্তর দিন—কোনটা স্বাভাবিক, কখন ডাক্তার দেখাবেন, আর কখন দেরি করা যাবে না।