বাচ্চা উল্টো (ব্রিচ): ঘোরানো, নরমাল নাকি সিজার
৩২ সপ্তাহের স্ক্যানে “ব্রিচ” লেখা দেখেই অনেকে সিজারের তারিখ ঠিক করে ফেলেন। কিন্তু বেশিরভাগ বাচ্চা ৩৬ সপ্তাহের মধ্যে নিজে নিজেই মাথা নিচে ঘুরে যায়। কখন চিন্তা করবেন, বাইরে থেকে ঘোরানো জিনিসটা কী, আর ডেলিভারি কোন পথে হবে সেটা কীভাবে ঠিক হয়, বলছি।
লিখেছেন: Siratul Jannat (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)
চেম্বারে প্রায়ই মায়েরা রিপোর্ট হাতে এসে বলেন, “আপা, বাচ্চা তো উল্টো, সিজার ছাড়া উপায় নেই?” আসলে গর্ভের মাঝামাঝি পর্যন্ত বাচ্চা জরায়ুতে অনেক জায়গা পায়, ঘুরে বেড়ায়। ২৮ সপ্তাহে মোটামুটি প্রতি চার-পাঁচটা বাচ্চার একটা উল্টো থাকে। উল্টো মানে মাথা ওপরে, আর নিতম্ব বা পা নিচে, আমরা বলি ব্রিচ। বেশিরভাগই পরে নিজে ঘুরে যায়। পুরো সময়ে গিয়ে ১০০ জনে মাত্র ৩ থেকে ৪ জন বাচ্চা উল্টো থাকে।
বাচ্চা উল্টো থাকে কেন?
বেশিরভাগ সময় কোনো কারণ পাওয়া যায় না। তবে কিছু ক্ষেত্রে বেশি দেখা যায়। যেমন অকাল প্রসবে, যমজ হলে, পানি অনেক কম বা বেশি হলে, গর্ভফুল নিচে থাকলে, জরায়ুর গঠনে পার্থক্য বা ফাইব্রয়েড থাকলে, আর আগে একবার ব্রিচ বাচ্চা হয়ে থাকলে।
৩৬ সপ্তাহের আগে কী করবেন?
৩২ সপ্তাহের স্ক্যানে ব্রিচ এলে সাধারণত অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। ৩৬ সপ্তাহের দিকে ডাক্তার পেট দেখে বা স্ক্যান করে আবার দেখবেন। অনেকে শুনে আসেন হাঁটু-বুক ভঙ্গিতে থাকলে বা কোনো বিশেষ ব্যায়াম করলে বাচ্চা ঘুরে যায়। এমন কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। করলে ক্ষতি নেই, তবে এর ভরসায় বসে থাকবেন না।
বাইরে থেকে ঘোরানো (ইসিভি) জিনিসটা কী?
৩৬-৩৭ সপ্তাহেও বাচ্চা উল্টো থাকলে অভিজ্ঞ ডাক্তার পেটের ওপর দিয়ে হাতে চাপ দিয়ে বাচ্চাকে ঘোরানোর চেষ্টা করতে পারেন। অনেকটা ডিগবাজির মতো, যাতে মাথাটা নিচে চলে আসে। এটা হাসপাতালে করা হয়। আগে-পরে বাচ্চার হার্টবিট দেখা হয়, অনেক সময় জরায়ু ঢিলা করার একটা ইনজেকশনও দেওয়া হয়।
- মোটামুটি অর্ধেক ক্ষেত্রে সফল হয়। যাঁদের আগে বাচ্চা হয়েছে, তাঁদের বেলায় বেশি।
- কিছুটা অস্বস্তি হয়। খুব কম ক্ষেত্রে বাচ্চার হার্টবিটে সমস্যা হলে বা রক্ত গেলে তখনই সিজার লাগতে পারে। তাই যেখানে সিজারের ব্যবস্থা আছে, সেখানেই এটা করা হয়।
- মা আরএইচ নেগেটিভ হলে পরে অ্যান্টি-ডি ইনজেকশন দেওয়া হয়।
- কখন করা হয় না? গর্ভফুল নিচে থাকলে, রক্ত যাচ্ছে বা পানি ভেঙে গেছে এমন হলে, যমজ হলে, কিংবা অন্য কোনো কারণে এমনিতেই সিজার লাগবে এমন হলে। আগে সিজার হয়ে থাকলে ডাক্তার আলাদা করে ভেবে দেখবেন।
আমাদের দেশে সব হাসপাতালে কিন্তু ইসিভি করা হয় না। তাই বাচ্চা ব্রিচ থাকলে ৩৫-৩৬ সপ্তাহেই ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন, কোথায় করানো যায়।
ডেলিভারি নরমাল হবে, না সিজার?
উল্টো বাচ্চার নরমাল ডেলিভারিতে সবচেয়ে বড় চিন্তা দুটো। শরীর বের হয়ে যাওয়ার পর মাথা আটকে যেতে পারে, আর পানি ভাঙার সময় নাড়ি নেমে আসতে পারে। একটা বড় গবেষণায় দেখা গেছে, পুরো সময়ের ব্রিচ বাচ্চার বেলায় পরিকল্পনা করে সিজার করলে গুরুতর জটিলতা কম হয়। তাই এখন বেশিরভাগ জায়গায়, বিশেষ করে প্রথম বাচ্চা হলে, ৩৯ সপ্তাহের দিকে পরিকল্পিত সিজারের পরামর্শ দেওয়া হয়।
তবে সব ক্ষেত্রে এক না। অভিজ্ঞ ডাক্তারের হাতে, বাচ্চা খুব বড় না হলে, মাথা ঝুঁকে থাকলে আর নিতম্ব নিচে থাকলে (পা নয়), নরমাল ডেলিভারিও নিরাপদে হতে পারে। ঝুঁকি আর সুবিধা দুটোই ডাক্তারের সঙ্গে খোলাখুলি কথা বলে তারপর সিদ্ধান্ত নেবেন। আর যমজের দ্বিতীয় বাচ্চা উল্টো থাকলে অনেক সময় নরমালেই হয়।
কখন দেরি না করে হাসপাতালে যাবেন?
- বাচ্চা উল্টো জানেন, এমন অবস্থায় পানি ভেঙে গেলে। উল্টো বাচ্চায় নাড়ি নেমে আসার ঝুঁকি বেশি। যোনিপথে নাড়ি দেখলে বা টের পেলে হাঁটু-বুক ভঙ্গিতে থাকুন, আর তখনই হাসপাতালে যান।
- পরিকল্পিত সিজারের তারিখের আগেই নিয়মিত ব্যথা শুরু হলে
- রক্ত গেলে, বা বাচ্চার নড়াচড়া কমে গেলে
আর একটা কথা পরিষ্কার করে বলি। ব্রিচ বাচ্চা ঘরে, ধাত্রীর হাতে জন্ম দেওয়ার চেষ্টা কখনো করবেন না।