মায়ের হেপাটাইটিস বি: বাচ্চাকে যেভাবে রক্ষা করবেন
গর্ভের রক্ত পরীক্ষায় হেপাটাইটিস বি (HBsAg) পজিটিভ এলে অনেকেই ভেঙে পড়েন। আসলে এই ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায় মা থেকে বাচ্চায়, আর জন্মের ১২ ঘণ্টার মধ্যে দুটো ইনজেকশন দিলেই প্রায় সব বাচ্চাকে রক্ষা করা যায়।
লিখেছেন: Siratul Jannat (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)
প্রথম চেকআপের রক্ত পরীক্ষায় অনেক মায়ের রিপোর্টে লেখা আসে “HBsAg positive”। মানে শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে। চেম্বারে প্রায়ই শুনি, “আপা, আমার তো কোনো সমস্যাই ছিল না!” ঠিকই, অনেকে জানতেনই না, কোনো লক্ষণও ছিল না। ভয় পাবেন না। এখন আসল কাজ হলো বাচ্চাকে রক্ষা করা, আর সেটা কিন্তু সম্ভব।
বাচ্চার ঝুঁকিটা কোথায়?
হেপাটাইটিস বি মা থেকে বাচ্চায় যায় মূলত প্রসবের সময়, রক্তের সংস্পর্শে। কোনো প্রতিরোধ না নিলে, আর মায়ের ভাইরাস বেশি থাকলে, বেশিরভাগ বাচ্চাই সংক্রমিত হয়। ছোট বয়সে ইনফেকশন হলে প্রায় সবার এটা সারাজীবনের অসুখ হয়ে থেকে যায়। বড় হয়ে সেখান থেকে লিভার সিরোসিস আর লিভার ক্যানসার হতে পারে। আমাদের দেশে অনেক মানুষের হেপাটাইটিস বি এভাবেই হয়েছে।
বাচ্চাকে রক্ষার দুটো ইনজেকশন
জন্মের পর ১২ ঘণ্টার মধ্যে, যত তাড়াতাড়ি পারা যায়:
- হেপাটাইটিস বি টিকার প্রথম ডোজ (জন্মের ডোজ)
- হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন (HBIG), অন্য পায়ে
এরপর বাচ্চার নিয়মিত টিকা কার্ডে হেপাটাইটিস বি-র যে ডোজগুলো আছে, মানে সরকারি পেন্টাভ্যালেন্ট টিকা ৬, ১০ আর ১৪ সপ্তাহে, সেগুলো সময়মতো দেবেন। এভাবে প্রায় সব বাচ্চাই রক্ষা পায়।
তবে একটা সমস্যা আছে। আমাদের দেশে সরকারি টিকা কার্ডে জন্মের ডোজটা নেই। আর এইচবিআইজি সব হাসপাতালে থাকে না, দামও বেশি। তাই গর্ভের সময়েই ডাক্তারের সঙ্গে ঠিক করে রাখুন কোথায় পাবেন। দরকার হলে আগেই কিনে রাখবেন, আর ডেলিভারির হাসপাতালকে জানিয়ে রাখবেন।
মায়ের কী কী টেস্ট হয়?
- লিভারের টেস্ট (এসজিপিটি), আর আলট্রাসাউন্ডে লিভার দেখা
- রক্তে ভাইরাসের পরিমাণ (এইচবিভি ডিএনএ), আর HBeAg
ভাইরাসের পরিমাণ যদি অনেক বেশি হয়, সাধারণত মিলিলিটারে ২,০০,০০০ ইউনিটের বেশি, তাহলে শুধু টিকায় সবসময় যথেষ্ট হয় না। তখন মাকে ২৮ সপ্তাহের দিক থেকে টেনোফোভির নামের একটা ওষুধ দেওয়া হয়। গর্ভে এটা নিরাপদ, আর বাচ্চায় ছড়ানোর ঝুঁকি আরও কমায়। কতদিন খেতে হবে, সেটা লিভার বিশেষজ্ঞ ঠিক করবেন।
নরমাল ডেলিভারি হবে? বুকের দুধ খাওয়ানো যাবে?
- শুধু হেপাটাইটিস বি-র জন্য সিজার লাগে না, নরমাল ডেলিভারি চলে।
- বাচ্চা টিকা আর এইচবিআইজি পেলে বুকের দুধ খাওয়ানো নিরাপদ। স্তনের বোঁটা ফেটে রক্ত বের হলে সেই পাশে কয়েকদিন খাওয়ানো বন্ধ রাখবেন, দুধ চেপে ফেলে দেবেন। সেরে গেলে আবার খাওয়াবেন।
- ৯ থেকে ১২ মাস বয়সে বাচ্চার রক্ত পরীক্ষা করে দেখে নেবেন, বাচ্চা সুরক্ষিত কি না।
পরিবারের জন্য
- স্বামী আর বাড়ির অন্য বাচ্চাদের হেপাটাইটিস বি টেস্ট করাবেন, আর নেগেটিভ হলে টিকা দেবেন।
- রেজার, টুথব্রাশ, নেইল কাটার আলাদা রাখুন।
- অনেকে ভাবেন আলাদা করে রাখতে হবে। এটা একটা ভুল ধারণা। একসঙ্গে খাওয়া, থালাবাসন, কোলাকুলি বা চুমুতে এটা ছড়ায় না।
আপনার নিজের যত্ন
হেপাটাইটিস বি নিয়েও বেশিরভাগ মানুষ স্বাভাবিক জীবন কাটান। তবে ডেলিভারির পরও লিভার বিশেষজ্ঞের কাছে নিয়মিত ফলোআপে যাবেন। বছরে অন্তত একবার লিভারের টেস্ট আর আলট্রাসাউন্ড করাবেন। কবিরাজি বা “লিভারের হারবাল ওষুধ” খাবেন না। আর পরের প্রতিটা প্রেগন্যান্সিতে শুরুতেই ডাক্তারকে জানাবেন।