প্রথম মাসিক: কী হবে, আর কীভাবে তৈরি থাকবে
বেশিরভাগ মেয়ের প্রথম মাসিক হয় ১০ থেকে ১৫ বছরের মধ্যে। দেখতে কেমন হয়, প্যাড কীভাবে ব্যবহার করবে, প্রথম কয়েক বছর কোনটা নরমাল, আর কখন বড় কাউকে বা ডাক্তারকে বলবে, চলো জেনে নিই।
লিখেছেন: Siratul Jannat (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)
প্রথম মাসিক মানে আসলে তোমার শরীর বড় হচ্ছে, ঠিক যেমনটা হওয়ার কথা। এটা কোনো অসুখ না। এতে লজ্জা বা অপবিত্রতার কিছু নেই। আগে থেকে কেউ কিছু না বললে প্রথমবার ভয় পাওয়াটাই স্বাভাবিক, তাই না? তাই আগেই জেনে রাখো, কী হবে আর তখন কী করবে।
কখন শুরু হয়?
বেশিরভাগ মেয়ের প্রথম মাসিক হয় ১০ থেকে ১৫ বছরের মধ্যে, অনেকের ১২-র দিকে। সাধারণত স্তন বাড়তে শুরু করার দুই-আড়াই বছর পর আসে। তার কয়েক মাস আগে থেকে প্যান্টিতে সাদা বা হালকা হলুদ স্রাব দেখতে পারো। এটাও কিন্তু স্বাভাবিক। বান্ধবীদের আগে হলো, নাকি পরে, তা নিয়ে চিন্তার কিছু নেই।
দেখতে কেমন হয়?
প্রথমবার হয়তো প্যান্টিতে শুধু কয়েক ফোঁটা বাদামি বা লাল দাগ দেখবে। মাসিক থাকে ২ থেকে ৭ দিন। দেখে অনেক রক্ত মনে হয়, কিন্তু পুরো মাসিকে আসলে কয়েক চামচ রক্তই যায়। তলপেটে বা কোমরে হালকা ব্যথা, স্তনে টনটনে ভাব, মন খারাপ বা খিটখিটে লাগা, এগুলো সবই স্বাভাবিক।
আগে থেকে তৈরি থাকো
- স্কুলব্যাগে সবসময় একটা প্যাড আর একটা বাড়তি প্যান্টি রেখে দেবে।
- ৪ থেকে ৬ ঘণ্টা পরপর প্যাড বদলাবে, বেশি রক্ত গেলে আরও আগে। ব্যবহার করা প্যাড কাগজে মুড়ে ময়লার ঝুড়িতে ফেলবে, টয়লেটে না।
- পরিষ্কার কাপড়ও ব্যবহার করা যায়। সাবান আর ঠান্ডা পানিতে ধুয়ে রোদে শুকাবে, তারপর পরিষ্কার শুকনো জায়গায় রাখবে। স্যাঁতসেঁতে কাপড় থেকে কিন্তু ইনফেকশন হয়।
- দিনে এক-দুবার যৌনাঙ্গের বাইরেটা শুধু পানি দিয়ে ধোবে। ভেতরে সাবান বা কোনো বিশেষ লোশন লাগে না।
- গোসল করা, চুল ধোয়া, স্কুলে যাওয়া, খেলাধুলা, সবই আগের মতো চলবে। কোনো খাবার বাদ দেওয়ার দরকার নেই। মুরুব্বিরা অনেক সময় মানা করেন, কিন্তু মাছ, ডিম, টক, সবই খাওয়া যায়।
প্রথম দুই-তিন বছর কেমন যায়?
শুরুতে মাসিক প্রতি মাসে ঠিক সময়ে না-ও আসতে পারে। শরীরের নিয়মে আসতে একটু সময় লাগে। তাই এই সময়ে ২১ থেকে ৪৫ দিন পরপর হওয়াও স্বাভাবিক, কখনো এক-দুই মাস বাদও যায়। প্রতিবার মাসিক শুরুর তারিখটা লিখে রাখবে। কয়েক মাস পর নিজের হিসাবটা নিজেই বুঝতে পারবে।
কখন মা, বড় বোন বা শিক্ষককে বলবে, আর ডাক্তার দেখাবে?
- বয়স ১৫ হয়ে গেছে কিন্তু মাসিক শুরু হয়নি, বা ১৩ বছরেও স্তন বাড়া শুরু হয়নি
- ৭ দিনের বেশি রক্ত যায়, বা এক-দুই ঘণ্টায় প্যাড ভিজে যায়
- ব্যথার ওষুধ খাওয়ার পরও ব্যথায় স্কুলে যেতে পারো না
- ২১ দিনের আগেই বারবার মাসিক হয়
- সবসময় ক্লান্ত লাগে, মাথা ঘোরে বা হাঁপিয়ে যাও
আরেকটা কথা মনে রেখো
তোমার শরীর শুধু তোমার। কেউ তোমার গোপন অঙ্গে হাত দিলে, বা শরীর নিয়ে লজ্জা দিলে, চুপ করে থাকবে না। বিশ্বাস করো এমন কোনো বড় মানুষকে বলবে। চাইলে ১০৯ (নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হেল্পলাইন) বা ১০৯৮ (শিশু হেল্পলাইন) নম্বরে বিনামূল্যে ফোন করতে পারো।