মেয়ের সঙ্গে মাসিক আর বড় হওয়া নিয়ে কথা বলবেন যেভাবে

আমাদের দেশে অনেক মেয়ের প্রথম মাসিক হয় কিছু না জেনেই, ভয় আর লজ্জা নিয়ে। অথচ আগে থেকে কয়েকবার শান্তভাবে কথা বললেই এটা এড়ানো যায়। কখন শুরু করবেন, আর কী বলবেন, সেটাই এখানে।

লিখেছেন: (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)

Two speech bubbles, one with a heart: a mother and daughter talking

চেম্বারে অনেক মা বলেন, “আমাকে তো কেউ কিছু বলেনি, নিজেই বুঝে নিয়েছি।” আর অনেক মেয়ে প্রথম মাসিক দেখে ভাবে, কোথাও ব্যথা পেয়েছে বা বড় কোনো অসুখ হয়েছে। ভয়ে কাউকে বলেও না। আপনি যদি আগে থেকে বলে রাখেন, মেয়েটা জানবে এটা স্বাভাবিক। আর দরকার হলে আপনার কাছেই আসবে।

কখন থেকে বলা শুরু করবেন?

৮-৯ বছর বয়সেই, স্তন বাড়া শুরু হওয়ার আগে। একবারে সব বলার দরকার নেই। ছোট ছোট কথায়, যখন সুযোগ পান। ধরুন আপনার প্যাড কিনতে গেলেন, বা টিভিতে বিজ্ঞাপন এল, বা ছোট বোনের জন্ম হলো, তখনই একটু কথা তুললেন। মা বলতে না পারলে খালা, বড় বোন বা দাদিও বলতে পারেন। বাবারাও কিন্তু পারেন।

শরীরে কী কী বদলাবে, বুঝিয়ে বলবেন

  • স্তন বাড়বে। শুরুতে বোঁটার নিচে একটু ব্যথাওয়ালা গুটি হয়, এটা অসুখ না।
  • বগলে আর যৌনাঙ্গে লোম উঠবে, ঘাম আর গায়ের গন্ধ বাড়বে, মুখে ব্রণ উঠতে পারে
  • হঠাৎ দ্রুত লম্বা হবে, শরীর একটু ভারী হবে
  • মাসিকের কয়েক মাস আগে থেকে সাদা স্রাব যাবে
  • তারপর মাসিক। প্রতি মাসে ২ থেকে ৭ দিন রক্ত যাবে, আর এটা সুস্থ শরীরের লক্ষণ।
২৮ দিনের চক্র: ১ থেকে ৫ দিন মাসিক, তারপর ডিম বড় হয়, ১৪ নম্বর দিনে এলএইচ হরমোন হঠাৎ বেড়ে ডিম্বস্ফোটন, তারপর প্রোজেস্টেরন বেড়ে জরায়ুর আস্তরণ পুরু হয়। পিএমএস হলে শেষ সপ্তাহে হয়। ডিম্বস্ফোটন থেকে পরের মাসিক প্রায় ১৪ দিন।
মাসিকচক্রে হরমোন আর জরায়ুর আস্তরণ কীভাবে বদলায়।

হাতে-কলমে যা শিখিয়ে দেবেন

প্যাড কীভাবে লাগাতে হয়, কতক্ষণ পরপর বদলাতে হয়, আর কীভাবে মুড়ে ফেলতে হয়, একবার দেখিয়ে দিন। কাপড় ব্যবহার করলে সাবান দিয়ে ধুয়ে রোদে শুকাতে বলবেন। স্কুলব্যাগে একটা প্যাড আর একটা বাড়তি প্যান্টি দিয়ে দিন। আর বলে রাখুন, স্কুলে হঠাৎ শুরু হলে কোন টিচারকে জানাবে।

যে ভুল ধারণাগুলো ভেঙে দেবেন

মুরুব্বিরা অনেক সময় বলেন, মাসিকের সময় মেয়েরা অপবিত্র। আসলে তা না। গোসল, চুল ধোয়া, স্কুল, খেলাধুলা সব চলবে। মাছ, ডিম, মাংস বা টক, কোনো খাবারই নিষেধ না। বরং রক্ত যায় বলে এ সময় আয়রনওয়ালা খাবার আরও বেশি দরকার। আরেকটা কথা, মাসিক শুরু হওয়া মানে বিয়ের বয়স হয়ে যাওয়া না। ১৮ বছরের আগে গর্ভধারণ মা আর বাচ্চা দুজনের জন্যই ঝুঁকির। আর আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স ১৮।

শরীরের সুরক্ষার কথাও বলবেন

শরীরের অঙ্গগুলোর নাম শেখান। বলুন, গোপন অঙ্গে কেউ হাত দিতে পারবে না, পরিচিত বা আত্মীয় হলেও না। এমন কিছু হলে লুকাতে হবে না, আপনাকে বললে আপনি রাগ করবেন না। আর ১০ থেকে ১৪ বছর বয়সে সরকার বিনামূল্যে এইচপিভি টিকা দেয়, এটা জরায়ুমুখের ক্যান্সার ঠেকায়। সময়মতো দিয়ে নেবেন।

কখন ডাক্তার দেখাবেন?

  • ৮ বছরের আগেই স্তন বাড়া বা লোম ওঠা শুরু হয়
  • ১৩ বছরেও স্তন বাড়া শুরু হয়নি, বা ১৫ বছরেও মাসিক হয়নি
  • স্তন বাড়া শুরুর ৩ বছর পরেও মাসিক হয়নি
  • মাসিকে অনেক রক্ত যায়, ৭ দিনের বেশি থাকে, বা ব্যথায় স্কুল কামাই হয়
  • নিয়মিত হওয়ার পর হঠাৎ ৩ মাস মাসিক বন্ধ

তথ্যসূত্র

বড় হওয়া ও প্রথম মাসিক নিয়ে আরও লেখা