অতিরিক্ত মাসিক: কতটা হলে বেশি, আর কেন এত দুর্বল লাগে
এক-দুই ঘণ্টায় প্যাড ভিজে যায়, বড় বড় রক্তের চাকা যায়, বা সাত দিনের বেশি রক্ত যায়? এগুলো অতিরিক্ত মাসিকের লক্ষণ। আমাদের দেশে মেয়েদের রক্তস্বল্পতার এটা খুব বড় একটা কারণ, আর এর চিকিৎসা কিন্তু আছে।
লিখেছেন: Siratul Jannat (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)
চেম্বারে অনেকেই বলেন, “আপা, আমার মাসিক বেশি কি না, বুঝি না।” বোঝার কথাও না, তাই না? তুলনা করার সুযোগ তো থাকে না। কিন্তু ব্যাপারটা জরুরি। মাসের পর মাস বেশি রক্ত গেলে শরীরের আয়রন ফুরিয়ে যায়। আমাদের দেশে বেশি মাসিকের কারণে রক্তস্বল্পতা খুবই কমন। আর অনেক সময় বছরের পর বছর কেউ টেরই পান না।
মাসিক বেশি হচ্ছে কি না, বুঝবেন কীভাবে?
- ১-২ ঘণ্টা পরপর প্যাড বদলাতে হয়
- একসঙ্গে দুটো প্যাড লাগে, বা রাতে উঠে বদলাতে হয়
- পয়সার চেয়ে বড় রক্তের চাকা যায়
- ৭ দিনের বেশি রক্ত যায়
- বেশি রক্ত যাওয়ার দিনগুলোতে বাইরে যেতে ভয় লাগে
কেন এমন হয়?
কমন কারণগুলো হলো এই।
- হরমোনের ওঠানামা, বিশেষ করে কিশোর বয়সে আর মেনোপজের আগের বছরগুলোতে
- জরায়ুতে ফাইব্রয়েড বা পলিপ
- অ্যাডিনোমায়োসিস, মানে জরায়ুর ভেতরের আস্তরণটা মাংসপেশির ভেতরে ঢুকে যাওয়া
- থাইরয়েডের প্রবলেম
- কপার-টি পরার পর প্রথম কয়েক মাস মাসিক একটু বেশি হতে পারে
- কম ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার সমস্যা, বা রক্ত পাতলা করার ওষুধ
বেশি মাসিকে রক্তস্বল্পতা হয় কেন?
প্রতিবার মাসিকে কিছুটা আয়রন শরীর থেকে বেরিয়ে যায়। রক্ত বেশি গেলে শুধু খাবার দিয়ে সেই ঘাটতি আর পূরণ হয় না। তখন কী হয়? সারাক্ষণ ক্লান্ত লাগে। সিঁড়ি উঠলে হাঁপিয়ে যান, মাথা ঘোরে, শীত লাগে, চুল পড়ে, চেহারা ফ্যাকাশে দেখায়। একটা সাধারণ রক্তের টেস্ট (CBC বা Hb%) করলেই বোঝা যায় রক্তস্বল্পতা আছে কি না।
আপনি নিজে কী করতে পারেন?
আয়রন আছে এমন খাবার খাবেন। গরু-খাসির মাংস, কলিজা, ছোট মাছ, ডিম, ডাল, আর কচু শাক, লাল শাকের মতো গাঢ় সবুজ শাক। সঙ্গে লেবু, পেয়ারা বা আমলকী রাখুন। এগুলোর ভিটামিন সি আয়রনটা শরীরে ঢুকতে সাহায্য করে। কিন্তু ভাতের সঙ্গে সঙ্গে চা খেলে হয় উল্টোটা। তাই চা খাবেন দুই বেলার খাবারের মাঝখানে। আর আয়রন ট্যাবলেট খাবেন ডাক্তার যেভাবে বলেন, সেভাবে।
কখন ডাক্তার দেখাবেন?
ওপরের কোনো লক্ষণ মিলে গেলে, দুর্বল লাগলে বা শ্বাস নিতে কষ্ট হলে, কিংবা দুই মাসিকের মাঝে বা সহবাসের পর রক্ত গেলে ডাক্তার দেখিয়ে নেবেন।
কখন দেরি না করে হাসপাতালে যাবেন?
এত রক্ত যাচ্ছে যে মাথা ঘুরছে বা বুক ধড়ফড় করছে, অথবা কয়েক ঘণ্টা ধরে ঘণ্টায় একটার বেশি প্যাড ভিজে যাচ্ছে? তাহলে আর অপেক্ষা করবেন না, তখনই হাসপাতালে যাবেন।
চিকিৎসা
চিকিৎসা হয় কারণ বুঝে। শুধু মাসিকের দিনগুলোতে রক্ত কমানোর ওষুধ, হরমোনের বড়ি, হরমোনযুক্ত কয়েল, কিংবা ফাইব্রয়েডের চিকিৎসা, এর যেকোনোটা হতে পারে। ভয় পাবেন না, বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন ছাড়াই ভালো রাখা যায়।