বাচ্চা হওয়ার পর মাসিক, সহবাস আর আবার গর্ভ: কী আশা করবেন

বাচ্চা হওয়ার পর প্রথম মাসিক আসার আগেই কিন্তু আবার গর্ভ আসতে পারে। রক্ত যাওয়া বন্ধ হলে, সাধারণত ছয় সপ্তাহ পর, বেশিরভাগ দম্পতি আবার সহবাস করতে পারেন। আর পরের বাচ্চার আগে অন্তত দুই বছরের ব্যবধান রাখাই সবচেয়ে ভালো।

লিখেছেন: (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)

A mother and father with their newborn baby

বাচ্চা হওয়ার পর অনেক দম্পতিই বুঝে উঠতে পারেন না, কবে থেকে আবার আগের মতো জীবন শুরু করা যাবে। চেম্বারে লজ্জায় অনেকে জিজ্ঞেসও করেন না। অথচ প্রশ্নগুলো খুব স্বাভাবিক, আর খুব জরুরিও। কেন জরুরি? কারণ অনেকে যতটা ভাবেন, তার চেয়ে অনেক তাড়াতাড়ি আবার গর্ভ এসে যেতে পারে।

মাসিক কবে ফিরবে?

  • বুকের দুধ না খাওয়ালে সাধারণত বাচ্চা হওয়ার ৫ থেকে ৬ সপ্তাহ পর
  • শুধু বুকের দুধ খাওয়ালে অনেক সময় কয়েক মাস আসে না, কখনো দুধ খাওয়ানো কমে না আসা পর্যন্ত
  • প্রথম কয়েকটা মাসিক অনিয়মিত হতে পারে, বেশি বা কম হতে পারে

মাসিক হয়নি, তবু কি বাচ্চা আসতে পারে?

হ্যাঁ, পারে। এটাও একটা ভুল ধারণা যে মাসিক না হলে গর্ভ আসে না। আসলে মাসিক হওয়ার আগেই ডিম বের হয়। তাই বাচ্চা হওয়ার পর একবারও মাসিক না হয়েও আবার গর্ভ আসতে পারে।

তাহলে বুকের দুধ খাওয়ালে কি সুরক্ষা হয়? হয়, কিন্তু তখনই ভরসা করা যায়, যখন তিনটা কথাই সত্যি। বাচ্চার বয়স ছয় মাসের কম। দিনে-রাতে লম্বা বিরতি ছাড়া শুধু বুকের দুধই খাচ্ছে। আর আপনার মাসিক এখনো ফেরেনি। এর একটাও না মিললে জন্মনিয়ন্ত্রণ ব্যবহার করবেন।

সহবাস কবে থেকে নিরাপদ?

রক্ত যাওয়া বন্ধ হলে, আর আপনি নিজে প্রস্তুত বোধ করলে। নরমাল হোক বা সিজার, দুই ক্ষেত্রেই সাধারণত ছয় সপ্তাহের মতো। সেলাই থাকলে আগে পুরোপুরি শুকাতে দিন। প্রথমবার একটু অস্বস্তি লাগতে পারে, এটা কিন্তু স্বাভাবিক। বুকের দুধ খাওয়ানোর সময় যোনিপথ শুকনো থাকে। পানিভিত্তিক লুব্রিক্যান্ট ব্যবহার করলে আরাম পাবেন। ব্যথা না কমলে দেখিয়ে নেবেন।

বাচ্চা হওয়ার পর জন্মনিয়ন্ত্রণ

  • কপার-টি বা ইমপ্ল্যান্ট ডেলিভারির পরপরই, বা ছয় সপ্তাহের চেকআপে পরানো যায়
  • শুধু প্রোজেস্টোজেনের বড়ি আর ইনজেকশন বুকের দুধ খাওয়ানোর সময় নিরাপদ
  • কম্বাইন্ড বড়ি বুকের দুধ খাওয়ালে সাধারণত ছয় মাস পর, কারণ এতে দুধ কমে যেতে পারে
  • কনডম যেকোনো সময় ব্যবহার করা যায়
  • আর সন্তান নেওয়া শেষ হলে স্বামী বা স্ত্রীর স্থায়ী পদ্ধতি

পরিবার কল্যাণ কেন্দ্রে বেশিরভাগ পদ্ধতি বিনামূল্যে পাওয়া যায়।

সাধারণ ব্যবহারে এক বছরে ১০০ জন নারীর মধ্যে কতজন গর্ভবতী হন: ইমপ্লান্ট ০.১, ভ্যাসেকটমি ০.১৫, লাইগেশন ০.৫, কপার-টি ০.৮, ইনজেকশন ৪, খাওয়ার বড়ি ৭, কনডম ১৩। কোনো পদ্ধতি না নিলে প্রায় ৮৫ জন।
সাধারণ ব্যবহারে প্রথম বছরের হিসাব। সূত্র: Williams Obstetrics, ২৬তম সংস্করণ (Trussell, ২০১৮)।

দুই বাচ্চার মাঝে কতটা ব্যবধান রাখবেন?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে, একটা বাচ্চা হওয়ার পর পরেরটার চেষ্টা করার আগে অন্তত ২ বছর অপেক্ষা করা উচিত। পরপর গর্ভ এলে মায়ের রক্তস্বল্পতা, সময়ের আগে ডেলিভারি আর কম ওজনের বাচ্চার ঝুঁকি বাড়ে। তাই আমরা বলি, মায়ের শরীরটাকে একটু সময় দিন।

তথ্যসূত্র

প্রসব-পরবর্তী নিয়ে আরও লেখা