সবসময় ক্লান্ত লাগে? মেয়েদের রক্তস্বল্পতা আর তার সমাধান

সারাক্ষণ ক্লান্তি, সিঁড়ি উঠতে হাঁপিয়ে যাওয়া, মাথা ঘোরা, চুল পড়া, অনেকে ভাবেন কাজের চাপ। আসলে আমাদের দেশে এর খুব কমন একটা কারণ রক্তস্বল্পতা, আর একটা সস্তা রক্তের টেস্টেই সেটা ধরা যায়।

লিখেছেন: (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)

A nearly empty battery beside pale red blood cells

আমাদের দেশে বাচ্চা নেওয়ার বয়সী মেয়েদের মধ্যে প্রায় প্রতি তিনজনে একজনের রক্তস্বল্পতা আছে, মানে রক্ত কম। চেম্বারে প্রায়ই শুনি, “আপা, সংসারের এত কাজ, ক্লান্ত তো লাগবেই।” এভাবে বছরের পর বছর কেটে যায়। অথচ চিকিৎসা নিলে কয়েক সপ্তাহেই অনেক ভালো লাগে।

রক্ত কম কি না, বুঝবেন কীভাবে?

  • সারাক্ষণ ক্লান্ত আর দুর্বল লাগা
  • সিঁড়ি উঠলে বা একটু হাঁটলেই হাঁপিয়ে যাওয়া, বুক ধড়ফড় করা
  • মাথা ঘোরা, মাথাব্যথা, কাজে মন বসাতে না পারা
  • চেহারা, নখ আর চোখের ভেতরের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া
  • চুল পড়া, নখ ভেঙে যাওয়া, হাত-পা ঠান্ডা থাকা
  • বরফ, কাঁচা চাল বা মাটি খেতে ইচ্ছা করা

মেয়েদের কেন বেশি হয়?

  • বেশি মাসিক। এটাই সবচেয়ে কমন কারণ। আর অনেকে জানেনই না যে তাঁর মাসিক আসলে বেশি হচ্ছে।
  • গর্ভাবস্থা আর বুকের দুধ খাওয়ানো, বিশেষ করে অল্প সময়ের ব্যবধানে বারবার বাচ্চা হলে।
  • খাবারে আয়রন কম। অনেক বাড়িতে মেয়েরা খান সবার শেষে, আর সবচেয়ে কম।
  • কৃমি। পেটের কৃমি অল্প অল্প করে রক্ত খেয়ে নেয়।
  • থ্যালাসেমিয়ার বাহক। আমাদের দেশে অনেকেই না জেনে বাহক। এতে রক্তকণিকা ছোট হয়। কিন্তু আয়রনের অভাব তো নেই, তাই আয়রন খেয়ে কোনো লাভ হয় না।

কোন টেস্ট করাবেন?

একটা সিবিসি (CBC) রক্তের টেস্ট। এতে হিমোগ্লোবিন দেখা যায়, আর রক্তকণিকা কত বড় সেটাও। গর্ভবতী না হলে হিমোগ্লোবিন ১২-র কম হলেই আমরা রক্তস্বল্পতা ধরি। শরীরে আয়রন কতটা জমা আছে, সেটা বুঝতে ডাক্তার ফেরিটিন টেস্ট দিতে পারেন। আর কণিকা যদি ছোট হয় অথচ আয়রন ঠিক থাকে? তখন থ্যালাসেমিয়া আছে কি না দেখতে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করানো হয়।

আয়রন ট্যাবলেট খাবেন কীভাবে?

ডাক্তার যতদিন বলেন, ততদিন খাবেন। হিমোগ্লোবিন ঠিক হয়ে যাওয়ার পরও সাধারণত আরও তিন মাস, যাতে শরীরের মজুতটা ভরে যায়। খালি পেটে, পানি বা লেবু-পানি দিয়ে খেলে সবচেয়ে ভালো কাজ করে। চা, দুধ বা ক্যালসিয়াম ট্যাবলেটের সঙ্গে খাবেন না, অন্তত দুই ঘণ্টা ফাঁক রাখবেন।

অনেকে পায়খানা কালো দেখে ভয় পেয়ে যান। ভয় পাবেন না, এটা কিন্তু স্বাভাবিক। বমি ভাব বা কোষ্ঠকাঠিন্য হলে খাবারের পরে খান, কিংবা ডাক্তারকে জিজ্ঞেস করে একদিন পরপর খান। কিন্তু বন্ধ করবেন না। কৃমির ওষুধও ডাক্তার যেভাবে বলেন, সেভাবে খেয়ে নেবেন। আর পরিবারে থ্যালাসেমিয়া থাকলে টেস্ট না করে নিজে নিজে আয়রন খাবেন না।

খাবারে কী রাখবেন?

যেসব খাবারে আয়রন বাড়ে: কচু শাক, লাল শাক, পালং, ডাঁটা শাকের মতো সবুজ শাক; মসুর ডাল, মুগ ডাল, ছোলা; ছোট মাছ, কলিজা, গরুর মাংস আর ডিম। খাবারের সঙ্গে লেবু, পেয়ারা বা আমলকী খেলে ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে। চা-কফি আয়রন শোষণে বাধা দেয়, তাই খাওয়ার এক ঘণ্টা পর খান।
রোজকার খাবারে যা কাজে আসে, আর যে অভ্যাস উল্টো কাজ করে।

কখন ডাক্তার দেখাবেন?

  • ওপরের লক্ষণগুলো কয়েক সপ্তাহ ধরে আছে
  • মাসিক বেশি হয়, বা ৭ দিনের বেশি থাকে
  • আয়রন না খেয়েও পায়খানা আলকাতরার মতো কালো, বা পায়খানায় রক্ত
  • চেষ্টা না করেই ওজন কমে যাচ্ছে

কখন দেরি না করে হাসপাতালে যাবেন?

বুকে ব্যথা হলে, বিশ্রামে থেকেও শ্বাসকষ্ট হলে, অজ্ঞান হয়ে গেলে, বা এই মুহূর্তে অনেক রক্ত যেতে থাকলে একটুও দেরি করবেন না, সোজা হাসপাতালে যাবেন।

তথ্যসূত্র

মন, খাবার ও শক্তি নিয়ে আরও লেখা