মন খারাপ বা দুশ্চিন্তা: কখন শুধু চাপ নয়, অসুখ
সারাক্ষণ দুশ্চিন্তা, মন খারাপ, ঘুম না হওয়া, কারণ ছাড়া শরীরে ব্যথা, মেয়েদের মধ্যে এগুলো খুবই কমন। আর এটা কিন্তু দুর্বলতা বা ইমানের অভাব না। ডিপ্রেশন আর অ্যাংজাইটি কীভাবে চিনবেন, আর সাহায্য কোথায় পাবেন।
লিখেছেন: Siratul Jannat (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)
সংসার, শ্বশুরবাড়ি, টাকাপয়সা, বাচ্চা, বিদেশে একা থাকা, মেয়েদের মাথায় আসলে অনেক ভার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে ডিপ্রেশন ছেলেদের চেয়ে মেয়েদের প্রায় দ্বিগুণ হয়। চেম্বারে অনেকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করেন, “আপা, আমি কি পাগল হয়ে যাচ্ছি?” না, এটা পাগলামি না। দুর্বলতা বা ইমানের অভাবও না। ডায়াবেটিস বা প্রেশারের মতোই এটা একটা অসুখ, আর এর চিকিৎসা আছে।
ডিপ্রেশন হলে কেমন লাগে?
দুই সপ্তাহের বেশি সময় ধরে, প্রায় প্রতিদিন যদি এমন হয়:
- মন খারাপ, ভেতরটা ফাঁকা লাগা, কারণ ছাড়াই কান্না পাওয়া
- আগে যা ভালো লাগত, তাতে আর কোনো আগ্রহ নেই
- ঘুম খুব কম বা খুব বেশি, খিদে কমে যাওয়া বা বেড়ে যাওয়া
- সারাক্ষণ ক্লান্ত লাগা, কোনো কাজে মন না বসা
- নিজেকে অপদার্থ মনে হওয়া, বা সব দোষ নিজের মনে হওয়া
- মরে যেতে ইচ্ছা করা
আমাদের দেশে দেখা যায়, অনেক সময় এটা আসে শরীরের কষ্ট হয়ে। মাথাব্যথা, গা ব্যথা, হাত-পা জ্বালা, রোগী বলেন “খালি দুর্বল লাগে”। একটার পর একটা টেস্ট করা হয়, কিন্তু কিছুই পাওয়া যায় না।
অ্যাংজাইটি মানে কী?
অ্যাংজাইটি মানে এমন দুশ্চিন্তা, যেটা সারাক্ষণ থাকে, থামানো যায় না। সঙ্গে অস্থিরতা, বুক ধড়ফড়, দম আটকে আসা, হাত-পা কাঁপা, ঘুম না আসা। কারও কারও হঠাৎ প্যানিক অ্যাটাক হয়। তখন মনে হয়, এখনই বুঝি মরে যাবেন। তবে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট প্রথমবার হলে আগে ডাক্তার দেখিয়ে নেবেন, হার্টের কোনো সমস্যা নেই সেটা নিশ্চিত হতে হবে।
কোন সময়গুলোতে ঝুঁকি বেশি?
- মাসিকের আগের সপ্তাহ, যখন মন খারাপটা খুব তীব্র হয় (পিএমডিডি)
- প্রেগন্যান্সি আর ডেলিভারির পরের কয়েক মাস
- মিসক্যারেজ, বা বাচ্চা না হওয়ার কষ্ট
- মেনোপজের আগের বছরগুলো
- বাড়িতে নির্যাতন, বা বিদেশে একা থাকা
নিজে কী করতে পারেন
বিশ্বাস করেন এমন কাউকে খুলে বলুন। ঘুম আর খাওয়া-দাওয়ার একটা নিয়ম রাখবেন। রোজ একটু বাইরে হাঁটবেন, রোদে বসবেন। রাতে ফোন কম দেখবেন। নামাজ বা প্রার্থনায় শান্তি পেলে সেটা চালিয়ে যান, কিন্তু চিকিৎসার পাশাপাশি। আর থাইরয়েডের সমস্যা বা রক্তস্বল্পতাতেও ক্লান্তি আর মন খারাপ হয়। তাই একবার রক্তের টেস্টও করিয়ে নেবেন।
সাহায্য কোথায় পাবেন?
শুরু করতে পারেন যেকোনো এমবিবিএস বা মেডিসিনের ডাক্তার দিয়ে। জেলা সদর হাসপাতাল আর মেডিকেল কলেজ হাসপাতালে মনোরোগ বিভাগ আছে, আর ঢাকায় আছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। ১৬২৬৩ (স্বাস্থ্য বাতায়ন) নম্বরে ফোন করেও পরামর্শ নিতে পারেন।
চিকিৎসা মানে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, আর দরকার হলে ওষুধ। অনেকে ভাবেন এই ওষুধে নেশা হয়ে যাবে। আসলে ডিপ্রেশনের বেশিরভাগ ওষুধে নেশা হয় না। তবে কাজ শুরু করতে কয়েক সপ্তাহ লাগে, আর হঠাৎ করে বন্ধ করা যাবে না। প্রেগন্যান্সিতে বা বুকের দুধ খাওয়ানোর সময়ও নিরাপদ ওষুধ আছে।
কখন দেরি না করে এখনই সাহায্য নেবেন?
নিজেকে শেষ করে দেওয়ার, বা নিজের ক্ষতি করার চিন্তা যদি আসে। তখন এখনই কাছের কাউকে বলুন, একা থাকবেন না। হাসপাতালের জরুরি বিভাগে চলে যান, বা ৯৯৯-এ ফোন করুন। আর বাড়িতে নির্যাতনের শিকার হলে ১০৯ নম্বরে ফোন করবেন।