পেটে বাচ্চার নড়াচড়া: কোনটা স্বাভাবিক, আর কখন হাসপাতালে যাবেন
বেশিরভাগ মা ১৬ থেকে ২৪ সপ্তাহের মধ্যে প্রথম বাচ্চার নড়াচড়া টের পান। আপনার বাচ্চা কীভাবে নড়ে, সেটা চিনে রাখবেন। নড়াচড়া কমে গেলে, অন্য রকম লাগলে বা বন্ধ হয়ে গেলে সেদিনই হাসপাতালে যাবেন, কালকের অপেক্ষা করবেন না।
লিখেছেন: Siratul Jannat (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)
পেটের ভেতর বাচ্চা নড়ছে মানে সে ভালো আছে। আর নড়াচড়ায় হঠাৎ পরিবর্তন অনেক সময় প্রথম সংকেত যে বাচ্চার সাহায্য দরকার। তাই আপনার বাচ্চার জন্য কোনটা নরমাল, সেটা জানা থাকা খুব জরুরি।
কবে থেকে টের পাবেন?
বেশিরভাগ মা ১৬ থেকে ২৪ সপ্তাহের মধ্যে প্রথম টের পান। শুরুতে মনে হয় পেটের ভেতর যেন প্রজাপতি ডানা ঝাপটাচ্ছে, বা বুদবুদ উঠছে। পরে স্পষ্ট লাথি আর গড়াগড়ি। প্রথম বাচ্চার বেলায় দ্বিতীয়বারের চেয়ে একটু দেরিতে টের পেতে পারেন, এতে চিন্তার কিছু নেই।
কোনটা নরমাল?
- মোটামুটি ৩২ সপ্তাহ পর্যন্ত নড়াচড়া বাড়ে, তারপর ডেলিভারি পর্যন্ত প্রায় একই রকম থাকে
- চেম্বারে প্রায়ই শুনি, “শেষের দিকে তো বাচ্চা কম নড়ে।” এই কথাটা কিন্তু ঠিক নয়। লাথির বদলে গড়াগড়ি বেশি হতে পারে, কিন্তু নিয়মিত টের পাওয়ার কথা।
- বাচ্চা ২০ থেকে ৪০ মিনিট করে ঘুমায়, খুব কমই দেড় ঘণ্টার বেশি
- প্রত্যেক বাচ্চার নিজের একটা ধরন আছে। আপনারটা চিনে রাখবেন
নড়াচড়া কম মনে হলে কী করবেন?
ধরুন মনে হচ্ছে বাচ্চা অন্যদিনের চেয়ে কম নড়ছে, নড়ার ধরন বদলে গেছে, বা কিছুই টের পাচ্ছেন না। তখন এভাবে চলবেন।
- এক ঘণ্টা বাম কাত হয়ে শুয়ে মন দিয়ে নড়াচড়া খেয়াল করুন
- তারপরও কম মনে হলে সেদিনই হাসপাতালে, বা যেখানে ডেলিভারি করাবেন সেখানে চলে যাবেন, রাত হলেও
- পরদিন বা পরের চেকআপ পর্যন্ত অপেক্ষা করবেন না
যেসব কথায় কান দেবেন না
- “ঠান্ডা বা মিষ্টি কিছু খাও, বাচ্চা নড়ে উঠবে।” অনেকেই এমন বলেন। আসলে এতে সবসময় কাজ হয় না, মাঝখান থেকে হাসপাতালে যেতে দেরি হয়ে যায়।
- “বাড়ির ডপলার বা মোবাইলের অ্যাপে শুনে নাও।” হৃৎস্পন্দন শোনা গেলেই বাচ্চা ভালো আছে, এমন না। সেটা শুধু হাসপাতালে ঠিকমতো পরীক্ষা করেই বোঝা যায়।
হাসপাতালে গেলে কী হবে?
বাচ্চার হৃৎস্পন্দন যন্ত্রে দেখা হবে, দরকার হলে আলট্রাসাউন্ডও। অনেক মা ভাবেন, গিয়ে যদি দেখি সব ঠিক, তাহলে তো লজ্জা। ভয় পাবেন না। বেশিরভাগ সময় দেখা যায় সব ঠিক আছে, আর এসেছেন বলে কেউ আপনাকে কিছু বলবে না। আর যদি সত্যিই সমস্যা থাকে, তাড়াতাড়ি ব্যবস্থা নিলে বাচ্চার জীবন বাঁচতে পারে। তাই নড়াচড়া কম মনে হলে দেরি করবেন না, সেদিনই চলে আসবেন।