বাচ্চার গলায় নাড়ি পেঁচানো: এর মানেই কি সিজার?
স্ক্যান রিপোর্টে “কর্ড অ্যারাউন্ড নেক” দেখেই অনেক পরিবার সিজারের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আসলে প্রতি চার-পাঁচটা বাচ্চার একটার গলায় জন্মের সময় নাড়ি পেঁচানো থাকে। আর বেশিরভাগই নরমাল ডেলিভারিতে ভালোভাবে জন্মায়।
লিখেছেন: Siratul Jannat (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)
“আপনার বাচ্চার গলায় নাড়ি পেঁচানো।” আট মাসের স্ক্যানে এই কথা শোনার পর অনেক মা রাতে আর ঘুমাতে পারেন না। পরিবারের কেউ বলেন, “নরমাল ডেলিভারিতে গলায় ফাঁস লেগে যাবে, সিজার করিয়ে ফেলো।” ভয়টা বোঝা যায়। কিন্তু আসল কথা অনেকটাই আলাদা।
এটা কতটা কমন?
জন্মের সময় প্রতি চার-পাঁচটা বাচ্চার একটার গলায় নাড়ি একবার বা একাধিকবার পেঁচানো থাকে। মানে ব্যাপারটা কিন্তু খুবই কমন। বাচ্চা পেটের ভেতর সারাক্ষণ ঘোরে, ডিগবাজি খায়। নাড়ি পেঁচায়, আবার খুলেও যায়। আজকের স্ক্যানে যা দেখা গেল, এক সপ্তাহ পর সেটা না-ও থাকতে পারে।
বাচ্চার কি দম আটকে যায়?
না। পেটের ভেতর বাচ্চা মুখ দিয়ে শ্বাস নেয় না, অক্সিজেন পায় নাড়ির রক্ত দিয়ে। তাই গলায় নাড়ি থাকলেও ফাঁসের মতো দম আটকায় না। আর নাড়িটা নরম, পিচ্ছিল একটা জেলি দিয়ে ঢাকা, যাতে সহজে চাপ না পড়ে। বড় বড় গবেষণায় দেখা গেছে, গলায় নাড়ি থাকা বাচ্চাদের জন্মের পর খারাপ কিছু হওয়ার ঝুঁকি বাড়ে না।
তাহলে কি সিজার লাগবে?
শুধু গলায় নাড়ি পেঁচানো, এই কারণে সিজার লাগে না। নরমাল ডেলিভারিই ঠিক। ডেলিভারির সময় বাচ্চার মাথা বের হলে ধাত্রী বা ডাক্তার আঙুল দিয়ে দেখে নেন, নাড়ি পেঁচানো আছে কি না। ঢিলা থাকলে মাথার ওপর দিয়ে খুলে দেন। নয়তো বাচ্চা নাড়িসহই বের হয়ে আসে, তারপর খোলা হয়। এটা তাঁদের প্রতিদিনের কাজ।
মনে রাখবেন, সিজার কিন্তু একটা বড় অপারেশন। এতে মায়ের রক্তক্ষরণ, ইনফেকশন, আর পরের গর্ভে জরায়ু ফেটে যাওয়া বা গর্ভফুল আটকে যাওয়ার ঝুঁকি বাড়ে। তাই দরকার ছাড়া সিজার এড়ানোই মায়ের জন্য ভালো।
ডেলিভারির সময় কী খেয়াল রাখা হয়
ব্যথার সময় জরায়ু যখন সংকুচিত হয়, মানে শক্ত হয়ে আসে, তখন কখনো কখনো নাড়িতে একটু চাপ পড়ে। বাচ্চার হার্টবিট তখন কিছুক্ষণের জন্য কমে, আবার ঠিক হয়ে যায়। গলায় নাড়ি থাকুক বা না থাকুক, যেকোনো ডেলিভারিতেই এটা হতে পারে। এজন্যই হাসপাতালে ডেলিভারির সময় নিয়মিত বাচ্চার হার্টবিট শোনা হয়। হার্টবিটে বারবার বা অনেকক্ষণ ধরে প্রবলেম দেখা দিলে, তখন সেই কারণে তাড়াতাড়ি ডেলিভারির ব্যবস্থা করা হয়, যন্ত্র দিয়ে বা সিজারে।
তাই ডেলিভারি করাবেন হাসপাতালে, ট্রেনিং পাওয়া লোকের হাতে, যেখানে বাচ্চার হার্টবিট শোনা যায় আর দরকারে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যায়।
কখন সত্যিই চিন্তার?
নাড়ি নিয়ে আসল জরুরি অবস্থা অন্যটা। পানি ভাঙার পর নাড়ি যদি বাচ্চার আগেই জরায়ুর মুখ দিয়ে নেমে আসে, একে বলে কর্ড প্রোল্যাপস। পানি ভাঙার পর যোনিপথে নাড়ি দেখলে বা টের পেলে হাঁটু আর বুক মেঝেতে রেখে নিতম্ব উঁচু করে থাকুন, আর তখনই হাসপাতালে যান। এর সঙ্গে কিন্তু গলায় নাড়ি পেঁচানোর কোনো সম্পর্ক নেই।
আপনি যা করবেন
- রোজ বাচ্চার নড়াচড়া খেয়াল রাখবেন। নড়াচড়া কমে গেলে সেদিনই হাসপাতালে যাবেন, গলায় নাড়ি থাকুক বা না থাকুক।
- রিপোর্টে গলায় নাড়ি লেখা থাকলে ডাক্তারকে জিজ্ঞেস করুন, অন্য কোনো কারণে তিনি সিজারের কথা ভাবছেন কি না।
- ডেলিভারি করাবেন হাসপাতালে, যেখানে ব্যথার সময় বাচ্চার হার্টবিট দেখা হয়।