পেটে বাচ্চা এল কি না: প্রথম দিকের লক্ষণ, আর কখন টেস্ট করবেন
মাসিক বন্ধ হওয়াটাই সবচেয়ে ভরসার প্রথম লক্ষণ। বমি বমি ভাব, স্তনে ব্যথা, ক্লান্তি আর ঘন ঘন প্রস্রাব প্রথম কয়েক সপ্তাহেই শুরু হতে পারে। আর মাসিকের তারিখ পার হলে সেদিন থেকেই প্রস্রাবের টেস্টে ঠিক ফল আসে।
লিখেছেন: Siratul Jannat (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)
চেম্বারে প্রায়ই শুনি, “আপা, কিছুই তো টের পাচ্ছি না, তাহলে কি বাচ্চা আসেনি?” আসলে প্রতিটা প্রেগন্যান্সি একটু আলাদা। অনেকে প্রথম কয়েক সপ্তাহ কিছুই বোঝেন না। শুধু লক্ষণ দেখে নিশ্চিত হওয়া যায় না। কিন্তু লক্ষণগুলো বলে দেয়, এবার টেস্ট করার সময় হয়েছে।
প্রথম দিকে কী কী টের পেতে পারেন
- মাসিক বন্ধ হয়ে যাওয়া। মাসিক যদি সাধারণত নিয়মিত হয়, তাহলে এটাই সবচেয়ে ভরসার লক্ষণ।
- বমি বমি ভাব বা বমি। বেশিরভাগ সময় সকালে হয়, তবে দিনের যেকোনো সময় হতে পারে।
- স্তনে ব্যথা, ভারী লাগা বা শিরশির করা
- খুব ক্লান্ত লাগা, সারাক্ষণ ঘুম ঘুম ভাব
- বারবার প্রস্রাবে যাওয়া
- আগে যে খাবার বা গন্ধ ভালো লাগত, সেটা আর সহ্য না হওয়া, কিংবা মুখে ধাতুর মতো স্বাদ
- মাসিকের তারিখের আশেপাশে অল্প একটু রক্তের দাগ
টেস্ট কবে করবেন?
প্রেগন্যান্সি টেস্ট আসলে প্রস্রাবে একটা হরমোন খোঁজে, নাম এইচসিজি। তো কবে করবেন? মাসিকের তারিখ পার হয়ে গেলে, সেদিন থেকেই। বেশিরভাগ টেস্ট তখন ঠিক ফল দেয়। সকালের প্রথম প্রস্রাব দিয়ে করবেন, কারণ তখন হরমোনটা সবচেয়ে ঘন থাকে। দামি কিট লাগে না। যেকোনো ফার্মেসির সাধারণ স্ট্রিপ, প্যাকেটের নিয়ম মেনে করলেই যথেষ্ট।
- পজিটিভ, দাগ হালকা হলেও, খুব সম্ভবত আপনি মা হতে চলেছেন। হালকা দাগ মানেও কিন্তু পজিটিভ।
- নেগেটিভ, অথচ মাসিক এখনো হয়নি? ৩ থেকে ৭ দিন পর আবার করুন। ভুল নেগেটিভ আসার সবচেয়ে বড় কারণই হলো খুব তাড়াতাড়ি টেস্ট করে ফেলা।
রক্তেও এই টেস্ট করা যায়, আমরা বলি সিরাম বিটা এইচসিজি। এটা কয়েক দিন আগেই প্রেগন্যান্সি ধরতে পারে, আর হরমোন কতটা আছে সেটাও মাপে। সবার লাগে না। আরেকটু বিস্তারিত জানার দরকার হলে ডাক্তার এটা করতে দেন।
টেস্ট পজিটিভ এল, এখন কী করবেন?
- ফলিক অ্যাসিড না খেয়ে থাকলে আজ থেকেই শুরু করুন।
- প্রথম চেকআপের জন্য ডাক্তার দেখাবেন, পারলে ১২ সপ্তাহের আগেই।
- ধূমপান বন্ধ করুন। আর যে ওষুধ প্রেগন্যান্সির কথা জেনে দেওয়া হয়নি, সেটা খাবেন না। নিয়মিত কোনো ওষুধ খেলে ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন।
- শেষ মাসিক কোন তারিখে শুরু হয়েছিল, লিখে রাখুন। এই তারিখ দিয়েই ডেলিভারির সম্ভাব্য তারিখ বের করা হয়।
অনেকে খুব তাড়াতাড়ি আলট্রাসাউন্ড করিয়ে ফেলেন, তারপর কিছু না দেখে ভয় পেয়ে যান। ভয়ের কিছু নেই। খুব শুরুতে স্ক্যানে কিছু না-ও দেখা যেতে পারে। কোন সপ্তাহে কী দেখা যায়, নিচের ছবিতে দেখুন।
কখন দেরি না করে হাসপাতালে যাবেন?
টেস্ট পজিটিভ, আর সঙ্গে যদি তলপেটের এক পাশে তীব্র ব্যথা হয়, কাঁধের ডগায় ব্যথা হয়, মাথা ঘোরে বা অজ্ঞান হয়ে যান, কিংবা অনেক রক্ত যায়, তাহলে একটুও দেরি করবেন না। এগুলো জরায়ুর বাইরে গর্ভ (এক্টোপিক প্রেগন্যান্সি) বা গর্ভপাতের লক্ষণ হতে পারে।