জরায়ুর বাইরে গর্ভ (এক্টোপিক প্রেগন্যান্সি): যে লক্ষণগুলো প্রত্যেক মেয়ের জানা দরকার

এক্টোপিক প্রেগন্যান্সি মানে গর্ভ জরায়ুর বাইরে বাড়ছে, সাধারণত ডিম্বনালিতে। ফেটে গেলে পেটের ভেতরে মারাত্মক রক্ত যেতে পারে। তাই টেস্ট পজিটিভ, আর সঙ্গে এক পাশে ব্যথা, কাঁধে ব্যথা বা অজ্ঞান হয়ে যাওয়া, তাহলে এক মুহূর্তও দেরি করবেন না।

লিখেছেন: (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)

The womb with a pregnancy in the tube and bleeding

এক্টোপিক প্রেগন্যান্সি আসলে কী? নিষিক্ত ডিম জরায়ুতে না বসে বাইরে কোথাও বসে যায়, বেশিরভাগ সময় ডিম্বনালিতে। সেখানে কিন্তু বাচ্চা হয়ে বেড়ে ওঠা সম্ভব না। গর্ভটা বড় হতে হতে একসময় ডিম্বনালি ফেটে যেতে পারে। তখন পেটের ভেতরে প্রচুর রক্ত যায়, আর সেটা প্রাণঘাতী। তাই লক্ষণগুলো আগে থেকে চিনে রাখলে জীবন বাঁচে।

প্রায় ৯৫ শতাংশ এক্টোপিক গর্ভ ডিম্বনালিতেই হয়। তার বেশিরভাগ আবার নালির চওড়া, বাইরের দিকের অংশে। বাকিগুলো বসে ডিম্বাশয়ে, জরায়ুমুখে, পেটের ভেতরে, বা আগের সিজারের দাগে।

জরায়ু আর একটা ডিম্বনালির ছবি। স্বাভাবিক গর্ভ জরায়ুর ভেতরে। ১০০টি এক্টোপিক গর্ভের মধ্যে: নালির চওড়া অংশে (অ্যাম্পুলা) ৭০টি, সরু অংশে (ইস্থমাস) ১২টি, নালির খোলা মুখের কাছে (ফিমব্রিয়া) ১১টি, জরায়ুর দেয়ালের ভেতরের নালিতে ২টি, আর ডিম্বাশয়, জরায়ুমুখ, পেট বা সিজারের দাগে ৫টি।
১০০টি এক্টোপিক গর্ভের মধ্যে কোনটা কোথায় বসে। সূত্র: Williams Obstetrics, ২৬তম সংস্করণ।

কী কী লক্ষণ দেখা দেয়?

সাধারণত গর্ভের ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে এগুলো দেখা দেয়।

  • তলপেটে ব্যথা, অনেক সময় এক পাশে
  • মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাওয়া, বা বাদামি পানির মতো স্রাব
  • কাঁধের ডগায় ব্যথা। পেটের ভেতরের রক্ত ডায়াফ্রামে, মানে বুক আর পেটের মাঝের পর্দায় লাগলে এমন হয়।
  • পায়খানা বা প্রস্রাবের সময় অস্বস্তি

এগুলো হলে এখনই হাসপাতালে

  • হঠাৎ পেটে তীব্র ব্যথা
  • মাথা ঘোরা, অজ্ঞান অজ্ঞান লাগা বা পড়ে যাওয়া
  • বুক ধড়ফড়, চেহারা ফ্যাকাশে, ঘামে ভিজে যাওয়া

৯৯৯-এ ফোন করবেন, নয়তো সোজা কাছের হাসপাতালের ইমার্জেন্সিতে চলে যাবেন। অনেকে ভাবেন, “রাতটা যাক, সকালে ডাক্তার দেখাব।” এভাবে বসে থাকবেন না।

কাদের ঝুঁকি বেশি?

  • আগে একবার এক্টোপিক হয়েছে
  • আগে তলপেটের ইনফেকশন বা যৌনবাহিত ইনফেকশন হয়েছে
  • ডিম্বনালিতে আগে অপারেশন হয়েছে
  • কপার-টি বা ইমপ্ল্যান্ট থাকা অবস্থায় গর্ভ এসেছে। এমন খুব কম হয়, কিন্তু হলে এক্টোপিক হওয়ার ঝুঁকি বেশি।
  • বাচ্চা নেওয়ার চিকিৎসা, ধূমপান

তবে মনে রাখবেন, যাঁদের এক্টোপিক হয়, তাঁদের অনেকেরই এর কোনোটাই থাকে না।

কীভাবে ধরা হয়, চিকিৎসা কী?

টিভিএস আলট্রাসাউন্ড, মানে যোনিপথ দিয়ে স্ক্যান, আর রক্তে বিটা এইচসিজি টেস্ট, এই দুটো দিয়েই ধরা হয়। তারপর চিকিৎসা নির্ভর করে গর্ভ কতদূর এগিয়েছে আর ভেতরে রক্ত যাচ্ছে কি না তার ওপর। কখনো শুধু কড়া নজরে রাখা হয়। কখনো একটা ইনজেকশন দেওয়া হয়, যাতে গর্ভের বাড়া থেমে যায়। আবার কখনো ছোট ছিদ্র করে অপারেশনে গর্ভটা সরিয়ে ফেলা হয়, দরকার হলে ডিম্বনালিসহ।

পরেরবার কি মা হতে পারবেন?

হ্যাঁ, এক্টোপিকের পরও বেশিরভাগ মেয়ে আবার মা হতে পারেন। শুধু পরেরবার গর্ভ এলে শুরুতেই ডাক্তার দেখাবেন। আলট্রাসাউন্ড করে নিশ্চিত হয়ে নেবেন, এবার বাচ্চা জরায়ুর ভেতরেই আছে।

তথ্যসূত্র

গর্ভাবস্থা নিয়ে আরও লেখা