গর্ভাবস্থায় বমি: কখন স্বাভাবিক, আর কখন বিপদের

গর্ভের শুরুতে বেশিরভাগ মায়েরই বমি বমি ভাব আর বমি হয়, আর সাধারণত ১৬ থেকে ২০ সপ্তাহের মধ্যে কমে আসে। কিন্তু খাবার বা পানি কিছুই পেটে না থাকলে, এটাকে আমরা বলি হাইপারএমেসিস। তখন চিকিৎসা লাগবেই।

লিখেছেন: (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)

A woman holding a warm drink

চেম্বারে প্রায়ই মায়েরা বলেন, “আপা, যা খাই সব বের হয়ে যায়, বাচ্চার কিছু হবে না তো?” গর্ভাবস্থায় বমি বমি ভাব আর বমি, অনেকে যাকে মর্নিং সিকনেস বলেন, বেশিরভাগ মায়েরই হয়। নাম শুনে মনে হয় শুধু সকালে হয়। আসলে দিনের যেকোনো সময়েই হতে পারে। সাধারণত ৬ সপ্তাহের দিকে শুরু হয়, ৯ সপ্তাহের দিকে সবচেয়ে বেশি থাকে, আর ১৬ থেকে ২০ সপ্তাহের মধ্যে কমে যায়। ভয় পাবেন না, এতে বাচ্চার কোনো ক্ষতি হয় না।

কী করলে আরাম পাবেন?

  • একবারে বেশি না খেয়ে ২-৩ ঘণ্টা পরপর অল্প অল্প খাবেন
  • বিছানার পাশে মুড়ি, বিস্কুট বা টোস্টের মতো শুকনো কিছু রাখুন। বিছানা থেকে ওঠার আগে একটু মুখে দেবেন।
  • সারা দিন একটু একটু করে পানি, ডাবের পানি বা খাবার স্যালাইন খাবেন
  • আদা-চা, বা রান্নায় আদা, অনেকের কাজে লাগে
  • কড়া গন্ধে বা তেল-মসলাদার খাবারে বমি পেলে সেগুলো এড়িয়ে চলুন
  • বিশ্রাম নেবেন। ক্লান্ত থাকলে বমি ভাব কিন্তু বাড়ে।
  • আয়রন ট্যাবলেট খেলে বমি পায়? তাহলে বমি না কমা পর্যন্ত কয়েক দিন পিছিয়ে দেওয়া যায় কি না, ডাক্তারকে জিজ্ঞেস করে নিন।

ওষুধ লাগবে কি?

এগুলোতে কাজ না হলে ডাক্তার এমন বমির ওষুধ দিতে পারেন, যেটা গর্ভাবস্থায় নিরাপদ। নিজে নিজে দোকান থেকে কিনে খাবেন না।

কখন বুঝবেন এটা সাধারণ বমি না?

কারও কারও হয় হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম। মানে এত তীব্র, একটানা বমি যে শরীরে পানি কমে যায়, ওজনও কমে যায়। অল্প বমি হলে চিন্তার কিছু নেই। কিন্তু নিচের কোনোটা হলে সেদিনই ডাক্তার দেখাবেন।

  • ২৪ ঘণ্টা কোনো খাবার বা পানি পেটে না থাকলে
  • প্রস্রাব খুব কম আর গাঢ় হলে, বা ৮ ঘণ্টা প্রস্রাবই না হলে
  • দাঁড়ালে মাথা ঘুরলে বা অজ্ঞান অজ্ঞান লাগলে
  • বমির সঙ্গে রক্ত এলে
  • ওজন কমে যেতে থাকলে

হাসপাতালে স্যালাইন আর ওষুধ দিয়ে এর খুব ভালো চিকিৎসা হয়। আগেভাগে গেলে শরীরে মারাত্মক পানিশূন্যতা হওয়ার আগেই সামলানো যায়। তাই দেরি করবেন না।

অন্য কোনো কারণ নয় তো?

বমির সঙ্গে জ্বর, পেটে ব্যথা, প্রস্রাবে জ্বালা বা তীব্র মাথাব্যথা থাকলে কারণটা অন্য কিছুও হতে পারে, যেমন কোনো ইনফেকশন। তাই কী কী হচ্ছে, সবকিছু ডাক্তারকে খুলে বলবেন।

তথ্যসূত্র

গর্ভাবস্থা নিয়ে আরও লেখা