রক্তের গ্রুপ নেগেটিভ? গর্ভে অ্যান্টি-ডি ইনজেকশন কেন আর কখন

রিপোর্টে নিজের রক্তের গ্রুপ “ও নেগেটিভ” বা “বি নেগেটিভ” দেখে অনেকে ঘাবড়ে যান। ভয় পাবেন না, প্রথম গর্ভে সাধারণত কোনো সমস্যা হয় না। আর সময়মতো একটা ইনজেকশন পরের বাচ্চাদের রক্ষা করে।

লিখেছেন: (BMDC A-109809) · চিকিৎসা পর্যালোচনা: Siratul Jannat (BMDC A-109809)

Blood tubes and a minus sign for Rh negative

রক্তের গ্রুপের সঙ্গে একটা “পজিটিভ” বা “নেগেটিভ” লেখা থাকে, খেয়াল করেছেন? এটা আরএইচ (Rh বা D) নামের একটা প্রোটিনের কথা বলে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ পজিটিভ, নেগেটিভ অল্প কয়েকজন। চেম্বারে অনেকে রিপোর্ট হাতে নিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করেন, “আপা, নেগেটিভ মানে কি খারাপ কিছু?” না, নেগেটিভ হওয়া কোনো অসুখ না। শুধু গর্ভের সময় একটু সাবধান থাকতে হয়।

সমস্যাটা তাহলে কোথায়?

মা নেগেটিভ আর বাবা পজিটিভ হলে বাচ্চা পজিটিভ হতে পারে। ডেলিভারির সময়, কিংবা গর্ভে রক্ত গেলে বা আঘাত লাগলে, বাচ্চার সামান্য রক্ত মায়ের রক্তে ঢুকে যেতে পারে। মায়ের শরীর তখন এটাকে “অচেনা” ভাবে, আর এর বিরুদ্ধে অ্যান্টিবডি বানিয়ে ফেলে।

প্রথম বাচ্চার সাধারণত কিছু হয় না। কারণ অ্যান্টিবডি তৈরি হয় মূলত ডেলিভারির সময় বা পরে। কিন্তু পরের গর্ভে বাচ্চা আবার পজিটিভ হলে কী হবে? সেই অ্যান্টিবডি গর্ভফুল পার হয়ে বাচ্চার রক্তকণিকা ভেঙে দিতে থাকে। এতে বাচ্চার রক্তস্বল্পতা হতে পারে, জন্মের পর মারাত্মক জন্ডিস হতে পারে, এমনকি গর্ভেই বাচ্চার শরীর ফুলে যেতে পারে বা বাচ্চা মারা যেতে পারে।

সমাধান হলো অ্যান্টি-ডি ইনজেকশন

বাচ্চার যে রক্ত মায়ের শরীরে ঢোকে, অ্যান্টি-ডি ইনজেকশন সেটা সরিয়ে দেয়, মায়ের শরীর অ্যান্টিবডি বানানোর আগেই। ঠিক সময়ে দিলে এই সমস্যা প্রায় পুরোপুরি ঠেকানো যায়। তো কখন কখন দিতে হয়?

  • ২৮ সপ্তাহে একটা ডোজ, যদি মায়ের রক্তে আগে থেকে অ্যান্টিবডি না থাকে
  • ডেলিভারির পর বাচ্চার রক্তের গ্রুপ দেখা হয়। বাচ্চা পজিটিভ হলে মাকে ৭২ ঘণ্টার মধ্যে আরেকটা ডোজ দিতে হয়, নরমাল হোক বা সিজার।
  • এছাড়াও যখনই বাচ্চার রক্ত মায়ের রক্তে ঢুকতে পারে, যেমন মিসক্যারেজ, এমআর বা গর্ভপাত, এক্টোপিক প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সি, গর্ভে রক্ত যাওয়া, পেটে আঘাত, সিভিএস বা অ্যামনিওসেন্টেসিস, আর উল্টো বাচ্চাকে বাইরে থেকে ঘোরানোর পর।

একটা কথা মনে রাখবেন, এক গর্ভের ইনজেকশন পরের গর্ভে কাজ করে না। প্রতিবার নতুন করে লাগে। ইনজেকশনটা দামি, আর সব জায়গায় পাওয়াও যায় না। তাই নেগেটিভ জানলে আগে থেকেই ডাক্তারকে জিজ্ঞেস করে রাখবেন কোথায় পাবেন। আর যে হাসপাতালে ডেলিভারি করাবেন, সেখানে আগেই জানিয়ে রাখবেন।

কোন টেস্টগুলো হয়?

  • প্রথম চেকআপে মায়ের রক্তের গ্রুপ আর আরএইচ
  • মা নেগেটিভ হলে স্বামীর গ্রুপ। স্বামীও নেগেটিভ হলে বাচ্চাও নেগেটিভ হবে, তখন ইনজেকশনের দরকার নেই।
  • মায়ের রক্তে অ্যান্টিবডি আছে কি না (ইনডাইরেক্ট কুম্বস টেস্ট), প্রথমে একবার আর ২৮ সপ্তাহের আগে একবার

আগে থেকেই অ্যান্টিবডি থাকলে কী হবে?

আগের গর্ভে ইনজেকশন না পেলে অনেক সময় অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তখন আর ইনজেকশনে লাভ নেই। কিন্তু বাচ্চাকে নিয়মিত দেখতে হয়। প্রতি মাসে অ্যান্টিবডির মাত্রা মাপা হয়। মাত্রা বেশি হলে বাচ্চার মাথার রক্তনালির ডপলার স্ক্যান করা হয়, এতে বোঝা যায় বাচ্চার রক্তস্বল্পতা হচ্ছে কি না। এমন গর্ভ বড় হাসপাতালে দেখানোই ভালো, যেখানে দরকার হলে বাচ্চাকে আগে বের করা বা জন্মের পর রক্ত বদলানোর ব্যবস্থা আছে।

মনে রাখবেন

  • প্রতিটা প্রেসক্রিপশনে আর ডেলিভারির কাগজে লিখে রাখুন, “মা আরএইচ নেগেটিভ”।
  • মিসক্যারেজ বা এমআরের সময়ও অ্যান্টি-ডির কথা জিজ্ঞেস করবেন। অনেকে এই সময়টায় ভুলে যান।
  • জন্মের পর প্রথম দিনগুলোতে বাচ্চার চোখ বা গা হলুদ হলে তখনই ডাক্তার দেখাবেন।

তথ্যসূত্র

গর্ভাবস্থা নিয়ে আরও লেখা